নেক্সাস ৫ স্মার্টফোনের তথ্য ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেক্সাস ৫ স্মার্টফোনের দাম ধরা হয়েছে ৩৪৯ মার্কিন ডলার
নেক্সাস ৫ স্মার্টফোনের দাম ধরা হয়েছে ৩৪৯ মার্কিন ডলার

আর মাত্র ১০ দিন পর বাজারে আসছে গুগলের নেক্সাস ৫ স্মার্টফোন। বেশ কিছুদিন ধরেই নতুন এ স্মার্টফোন-সম্পর্কিত বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। এবার নেক্সাস ৫ স্মার্টফোনের দামের খবরসহ আরও কিছু খুঁটিনাটি তথ্য ফাঁস হলো গুগল প্লে স্টোরে। গুগল ইচ্ছাকৃতভাবে এটা করেছে, নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ১৬ গিগাবাইটের নেক্সাস ৫ স্মার্টফোনের দাম ধরা হয়েছে ৩৪৯ মার্কিন ডলার।

সম্প্রতি গুগল প্লে স্টোরে নতুন স্মার্টফোনটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে, হ্যান্ডসেটটির দাম ৩৪৯ ডলার। কাকতালীয় বিষয় হলো, ১৬ গিগাবাইটের নেক্সাস ৪ বাজারে ছাড়ার সময়ও তার দাম ধরা হয়েছিল ৩৪৯ ডলার। পরবর্তী সময়ে ৮ ও ৩২ গিগাবাইটের নেক্সাস ৪ বাজারে ছাড়া হয়। সেগুলোর দাম ধরা হয় যথাক্রমে ২৯৯ ও ৩৯৯ ডলার।

মোবাইল সিরাপ নামের কানাডীয় একটি ওয়েবসাইটেও নেক্সাস ৫-এর তথ্য ফাঁস হয়েছে। নেক্সাস ৫ স্মার্টফোনের ছবিও ফাঁঁস করেছে ওয়েবসাইটটি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে সিনেট।

পরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত (ওএস) নেক্সাস ৫ আসছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ৪.৪ কিটক্যাট দিয়ে। এবারের এ স্মার্টফোনের কোড নাম হ্যামারহেড। এটি তৈরি করছে প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এলজি। এতে থাকছে ৫ ইঞ্চি পর্দা, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, দুই গিগাবাইট র্যাম ইত্যাদি। অ্যাপলের আইফোন ৫এসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বিশেষ কিছু নতুন সুবিধা যুক্ত হচ্ছে নেক্সাস ৫-এ।
এদিকে শোনা যাচ্ছে, নেক্সাস ৫-এর পাশাপাশি নেক্সাস ১০ ট্যাবলেটও বাজারে ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। এ বছর এইচডি স্ক্রিনযুক্ত ট্যাবলেটটি তৈরির দায়িত্ব পেয়েছে আসুস। গত বছর আগের মডেলটি তৈরি করেছিল স্যামসাং।