নেটওয়ার্ক পণ্যে আমদানি শুল্ক কমানোর দাবি আইএসপিএবির
বাংলাদেশ ইন্টারনেটে এখন অনেক বেশি নির্ভরশীল। শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী, পেশাজীবী অনেকেই ইন্টারনেট ব্যবহার করছেন তাঁদের কাজের প্রয়োজনে। কিন্তু ইন্টারনেটের আরও প্রসার কিছু কারণে বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএ)। ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের জন্য কিছু প্রস্তাব রয়েছে আইএসপিএবির। গতকাল সোমবার আইএসপিএবির মহাসচিব এম এ হাকিম প্রথম আলোকে জানান, বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের ১৫ শতাংশ কর প্রদান করতে হচ্ছে। ফলে মাস শেষে কর প্রদান করতে গিয়ে ইন্টারনেট ব্যবহারের খরচ বেড়ে যাচ্ছে। এতে অনেকেই ইন্টারনেট ব্যবহারে আর্থিকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। এ ক্ষেত্রে আইএসপিএর দাবি হলো ইন্টারনেট ব্যবহারের কর যেন সরকার পুরোপুরিভাবে তুলে নেয়। একইসঙ্গে ইন্টারনেটের ব্যান্ডউইডথের দাম আরও কমিয়ে আনার প্রস্তাব করছে সংগঠনটি। আমাদের দেশের ইন্টারনেট খরচ কমে এলে আউটসোর্সিং কাজের পরিমাণ বাড়বে, ফলে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বেশি হবে।বর্তমানে বিভিন্ন নেটওয়ার্কিং বা যোগাযোগপ্রযুক্তি-পণ্যে ৩৫ থেকে ৪৮ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়। এই মোটা অঙ্কের টাকার ভার বিক্রেতার সঙ্গে সঙ্গে ক্রেতার ওপরও পড়ে। এই শুল্কের পরিমাণ ৫ শতাংশ করার দাবি জানিয়েছে আইএসপিএ। বাজেট প্রণয়নের আগে সরকার এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করছে সংগঠনটি। —মোছাব্বের হোসেন