নেটবুকের জনপ্রিয়তা বাড়ছেই
ছোট এবং নানা ধরনের সুবিধা থাকায় নেটবুক কম্পিউটার এখন বেশ জনপ্রিয়।কম দাম ও সহজে বহন করা যায় বলেদৈনন্দিন কাজে লাগা বিভিন্ন জিনিসের মতোই অনেকে নেটবুক ব্যবহার করছেন।সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনজুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে নানা ধরনের পণ্যের মধ্যে নেটবুক ও মোবাইল ফোনের প্রতি দর্শকদের আগ্রহ ছিল বেশি। পাশাপাশি হিউল্যাট-প্যাকার্ড (এইচপি), লেনোভো এবং তোশিবা নতুনভাবে নানা ধরনের নেটবুক বাজারে নিয়ে আসছে। এসবে স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) সুবিধাসহ ইন্টেলের অ্যাটম প্রসেসর ব্যবহার করা হচ্ছে।গত বছর এইচপির ব্যবসায়িক লাভের বড় একটি অংশ এসেছে নেটবুক বিক্রি থেকে। ছোট পর্দার এসব নেটবুক তুলনামূলক কম দামে পাওয়া যায়। প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিসপ্লে সার্চের মতো, বর্তমানে ব্যবহারকারীরা নেটবুক কিনছে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য, যা আগে ‘দ্বিতীয় কম্পিউটার’ হিসেবে ছিল। সে হিসেবে গত বছরের চেয়ে চলতি বছর নেটবুকের সামগ্রিক বাজার আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নেটবুকের এ চাহিদার ফলে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো নানা ধরনের নতুন বৈশিষ্ট্য নিয়ে বাজারে আনছে নতুন নতুন নেটবুক। দ্রুত ইন্টারনেটে যুক্ত হওয়া, দীর্ঘস্থায়ী ব্যাটারি আর স্মার্ট ফোনের নানা সুবিধা নিয়ে লেনেভো বাজারে আনছে স্মার্টবুক। চলতি বছরের এপ্রিল থেকে স্কাইলাইট নামের এ স্মার্টবুক বাজারে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্য প্রতিষ্ঠানগুলোও নিয়ে আসছে আরও বেশ কয়েকটি নেটবুক। সবমিলিয়ে এ বছরও নেটবুক কম্পিউটারের চাহিদা থাকবে অনেক বেশি—এমন ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —এপি অবলম্বনে নুরুন্নবী হাছিব