নেত্রকোনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ আয়োজনে নেত্রকোনার আটপাড়া উপজেলা মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। এ আয়োজনে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, ‘বিপিসি তথ্যপ্রযুক্তিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে, বিশেষ করে জনপ্রিয়করণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে তথ্যপ্রযুক্তিবিষয়ক সচেতনতা কর্মসূচি একটি। এর মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির নান্দনিক গতি, কলাকৌশল এবং উন্নয়ন সম্পর্কে ধারণা পাবে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আওয়াল, বিসিএসের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলাম, পরিচালক মোস্তাফা জব্বার, মো. ফয়েজউল্যাহ খান, স্থানীয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, বিসিএস ময়মনসিংহ শাখার ভাইস চেয়ারম্যান মো. মোখলেছুর রহমানসহ অনেকে।
আয়োজনের শুরুতেই সাভারে ভবনধসে হাতহত ব্যক্তিদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা শীর্ষক একটি ভিডিও দেখানো হয়।
—বিজ্ঞপ্তি