নেত্রকোনায় শিক্ষা ও তথ্যপ্রযুক্তি উৎসব শুরু
শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির ব্যবহার, গুরুত্ব ও সম্ভাবনার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে নেত্রকোনায় গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনের ‘নবধারা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি উৎসব-২০১০’। নেত্রকোনা জেলা প্রশাসন ও ইন্টেলের পৃষ্ঠপোষকতায় ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডিনেট) ও আরবান এ উৎসবের আয়োজন করে। উৎসবের উদ্বোধনী দিনে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া হয় আলোচনা সভা। সকালে নেত্রকোনার মহুয়া মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আশরাফ আলী খান। এ সময় তিনি বলেন, শিক্ষা ও কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আমরা আরো বেশি সাফল্য পেতে পারি এবং তা আমাদের করতে হবে। জেলা প্রশাসক মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান। উৎসবে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের (বিটিএন) প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান। আরও বক্তব্য দেন আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের পরিচালক রেজা সেলিম, ব্র্যাকের শিক্ষা গবেষণা কর্মকর্তা সমীর রঞ্জন নাথ, ডি-নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান প্রমুখ।স্থানীয় মোক্তারপাড়া ঈদগা মাঠে তথ্যপ্রযুক্তি-বিষয়ক ১০টি স্টল বসেছে উৎসবে। এসব স্টলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে শিক্ষাকে আরও কার্যকর করা হয়, তা তুলে ধরা হচ্ছে। নবধারা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি উৎসবের সমন্বয়ক ডি-নেটের কর্মকর্তা আসাদ উজ জামান বলেন, এ উৎসব নেত্রকোনার শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিকেলে অনুষ্ঠিত হয় গুণীজন আড্ডা। এ আড্ডায় স্থানীয় গুণীজন এবং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। আজ উৎসবের সমাপনী দিনে ‘নবধারা শিক্ষা কার্যক্রম এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা’ শিরোনামে কর্মশালা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হবে। —মনিরুজ্জামান, নেত্রকোনা