নেত্রকোনায় সৌরশক্তিচালিত কম্পিউটার ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আশার আলো দেখছে তেনুয়া গ্রামের তেনুয়া উচ্চবিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী। তাদের জন্য নতুন এ বার্তা বয়ে এনেছে সৌরবিদ্যুৎচালিত ১০টি ল্যাপটপ কম্পিউটারের একটি পূর্ণাঙ্গ ল্যাব। বিশ্বখ্যাত প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশনের উদ্যোগে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার এ বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ ল্যাবটি গড়ে তোলা হয়েছে। গতকাল রোববার ইন্টেল করপোরেশন বিজ্ঞান ও আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও ডিনেটের প্রতিনিধিদের কাছে তাদের এ নতুন স্বপ্নের কথা তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।উল্লেখ্য, তেনুয়া উচ্চবিদ্যালয়ে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আমির হোসেন জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস জানান, কম্পিউটার ল্যাব চালু হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হার আগের তুলনায় অনেক বেড়েছে এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তথ্যপ্রযুক্তির প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ইন্টেলের দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ বার্নাড নট থাউসন শিক্ষার্থীদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি বলেন, পাকিস্তান, কেনিয়া, ফিলিপাইনের মতো বাংলাদেশের এ পাইলট প্রকল্পের মাধ্যমে ইন্টেল বিশ্বে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। পরিদর্শনকালে শিক্ষার্থীদের এক স্বর্তঃস্ফূর্ত সমাবেশে বক্তারা একটি জ্ঞানসমৃদ্ধ প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের জন্য সমাজের সর্বস্তরের লোকদের এগিয়ে আসার আহ্বান জানান। পরিদর্শনের সময় বিসিসির সাইফুল আলম ও বিশ্বজিৎ তরফদার, ডিনেটের অজয় বসু, ইন্টেলের আকতার উদ্দিন আহমেদ, ধূরণ হোম সোলার সিস্টেমের কে ভেঙ্কটেশ, সামাজিক সংস্থা আরবানের প্রধান নির্বাহী সৈয়দ আরিফুজ্জামান এবংআইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান উপস্থিত ছিলেন।সৌরবিদ্যুৎচালিত কম্পিউটার ল্যাবের শিক্ষক প্রশিক্ষণ, কন্টেন্ট তৈরি ও স্থানীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে ডিনেট ও আরবান। পরিদর্শক দল এরপর পূর্বধলা জেএম পাইলট উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। —নিজস্ব প্রতিবেদক