নেদারল্যান্ডসে অ্যাপলের হার
পেটেন্ট ভঙ্গ করার অভিযোগ তুলে অ্যাপল ও স্যামসাং পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন দেশে মামলা করেছে। সম্প্রতি নেদারল্যান্ডসের আদালত এমন একটি মামলায় রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, স্যামসাংয়ের পেটেন্ট ভঙ্গ করায় ক্ষতিপূরণ দিতে হবে অ্যাপলকে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।আদালতের রায়ে বলা হয়েছে, মোবাইল ও ট্যাবলেট কম্পিউটার যে প্রযুক্তিতে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়, সে প্রযুক্তি স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব থেকে নকল করে আইপ্যাডে যুক্ত করেছে অ্যাপল। প্রযুক্তিটি দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের পেটেন্টকৃত।নেদারল্যান্ডসে আইপ্যাড ও আইফোনের বিক্রির হিসেবে স্যামসাংকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে চারটি পেটেন্ট ভঙ্গের অভিযোগে স্যামসাং মামলা করলেও কেবল একটি অভিযোগ আমলে নেন আদালত। স্যামসাং এ রায়কে স্বাগত জানিয়েছে।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম দুটি প্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল ও স্যামসাং বিভিন্ন দেশে মামলায় জড়িয়ে পড়েছে। আর তাই নির্দিষ্ট কোনো একটি দেশে মামলায় হেরে যাওয়াটা কোনো পক্ষের জন্য পুরোপুরি জিতে যাওয়ার মতো ঘটনা নয়। তাই দুই পক্ষকে আলোচনায় বসে সমস্যা সমাধান করার পরামর্শ দিয়েছেন পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভানের ব্যবস্থাপনা পরিচালক মনোজ মেনন।উল্লেখ্য, চলতি বছরের মে মাসে পেটেন্ট ভঙ্গের মামলায় অ্যাপল ও স্যামসাংকে সমঝোতায় আসার জন্য আলোচনার নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আদালত।