নেদারল্যান্ডসের রাস্তায় চালকহীন বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের পুরোটা জুড়ে আলোচনায় ছিল চালকহীন গাড়ি। তবে সেগুলো ছিল ব্যক্তিগত ব্যবহারের গাড়ি। গণপরিবহন হিসেবে প্রথমবারের মতো নেদারল্যান্ডসের রাস্তায় চালকহীন বাস চলাচল শুরু করেছে। পরীক্ষামূলকভাবে ছয়জন যাত্রী নিয়ে ২০০ মিটার চওড়া রাস্তায় প্রথমবারের মতো যাত্রা শুরু করে ‘উইপড’ নামের এই বাস। আপাতত দেশটির জেল্ডারল্যান্ড অঙ্গরাজ্যের দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ থাকছে এই পরিবহন সেবা। এদিকে লন্ডনেও হিথ্রো বিমানবন্দরে প্রথমবারের মতো এমন চালকহীন গাড়ি চলাচল শুরু হয়েছে।

চালকহীন বাস এর আগেও ছিল। তবে সেগুলো রেললাইন ধরে নির্দিষ্ট পথে, নির্দিষ্ট গতিতে চলাচল করে। সেগুলোর সঙ্গে উইপডের পার্থক্য—এই গাড়ি চলবে সাধারণ রাস্তায়, জনারণ্য হোক কিংবা যানবাহনে পূর্ণ ব্যস্ত কোনো সড়ক। তবু প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত সতর্কতা হিসেবে দিনের ব্যস্ততম সময়, রাত কিংবা খারাপ আবহাওয়ায় রাস্তায় উইপড দেখা যাবে না। তা ছাড়া নিয়ন্ত্রণকক্ষ থেকে গাড়ির গতিবিধি এবং জননিরাপত্তার বিষয়েও নজর রাখা হবে। গাড়িটি ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি বেগে চলবে না বলেও জানা যায়।
ক্যামেরা, রাডার, লেজার রশ্মি ও গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) যোগ করে গাড়িটি আরও কার্যকর করে তোলার ইচ্ছা আছে উইপড দলের সদস্যদের। ছয় আসনের এই বাসগুলোতে ভ্রমণ করতে চাইলে স্মার্টফোন অ্যাপ থেকে আগেই আসন সংরক্ষণ করে রাখতে হবে। প্রথমে ফরাসি গাড়ি ও রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘ইজিমাইল’ এই গাড়ির নকশা এবং নির্মাণের কাজ করে।
দ্য টেলিগ্রাফ অবলম্বনে