নেপথ্যের নায়কেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ ওজনিয়াক,রোনাল্ড ওয়েন,পল অ্যালেন,ডেভিড ফিলো,অ্যান্ড্রু ম্যাককলাম,ক্রিস হিউস,এদুয়ার্দো স্যাভেরিন,ডাস্টিন মস্ক্ভিচ
স্টিভ ওজনিয়াক,রোনাল্ড ওয়েন,পল অ্যালেন,ডেভিড ফিলো,অ্যান্ড্রু ম্যাককলাম,ক্রিস হিউস,এদুয়ার্দো স্যাভেরিন,ডাস্টিন মস্ক্ভিচ

মাইক্রোসফটের কথা বললে কার নাম মাথায় আসে? প্রায় সবাই বলবেন বিল গেটস। অ্যাপল কম্পিউটারের ক্ষেত্রে স্টিভ জবস আর ফেসবুকের বেলায় মার্ক জাকারবার্গের নামই সবাই বলেন বা জানেন। এও জানা যে এঁরা সবাই তিনজনই প্রতিষ্ঠানগুলোর সহপ্রতিষ্ঠাতা। তার মানে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ব্যাপারে আরও সহপ্রতিষ্ঠাতার অবদান রয়েছে। তবে পাদপ্রদীপের আলোটা তাঁদের ওপর কমই পড়ে। নেপথ্যের সেই নায়কদের নিয়ে এ প্রতিবেদন।
স্টিভ ওজনিয়াক
রোনাল্ড ওয়েন
সহপ্রতিষ্ঠাতা
অ্যাপল ইনকরপোরেটেড
স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন অ্যাপলের প্রতিষ্ঠাতা হলেও জবস বাদে বাকি দুজনের ওপর আলোটা কমই পড়েছে। অথচ অ্যাপল প্রতিষ্ঠায় স্টিভ ওজনিয়াকের অবদান বেশ গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ছাত্র ছিলেন ওজনিয়াক। ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের স্যান জোসেতে জন্ম ওয়াজনিয়াকের। পড়াশোনা অসমাপ্ত রেখে ১৯৭৫ সালে হিউলেট-প্যাকার্ডে (এইচপি) যোগ দেন তিনি। দিনে সেখানে কাজ করতেন আর রাতে পড়ে থাকতেন যন্ত্রপাতি নিয়ে। সে সময়ে নিজেদের তৈরি কম্পিউটার, যন্ত্রাংশ ও সফটওয়্যার প্রদর্শনীর জন্য হোমব্রিউ কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠা করেন একদল কম্পিউটারপ্রেমী। ১৯৭৬ সাল থেকে এই ক্লাবে যাতায়াত শুরু করেন ওজনিয়াক। এখানেই হার্ডওয়্যার থেকে সফটওয়্যার—সম্পূর্ণ নিজ হাতে তৈরি একটি কম্পিউটার দেখান তিনি। বন্ধু স্টিভ জবস তাঁকে কম্পিউটারটি বাণিজ্যিকভাবে তৈরিতে উদ্বুদ্ধ করেন। মূলত ওজনিয়াকের তৈরি সেই কম্পিউটারটি বিক্রির জন্যই অ্যাপল কম্পিউটারের জন্ম হয়। অ্যাপলের প্রথম পণ্য হিসেবে কম্পিউটারটি অ্যাপল-১ নামে বাজারে ছাড়া হয়। ৬৬৬ ডলারের কম্পিউটারের বিক্রির পরিমাণ ছিল ২০০। এরপর ওজনিয়াক তৈরি করেন অ্যাপল-২ কম্পিউটার, যা রঙিন পর্দার ছবিভিত্তিক ইন্টারফেসের প্রথম কম্পিউটার। ১৯৭৭ সালের ওয়েস্ট কোস্ট কম্পিউটার মেলায় অ্যাপল-২ দেখানো হয়। পার্সোনাল কম্পিউটারের (পিসি) যুগটা মূলত তখন থেকেই শুরু হয়, আর পর্দার আড়ালে স্টিভ ওজনিয়াক ছিলেন সেই বিপ্লবের মূল নায়ক। ১৯৮৭ সালে অ্যাপলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন ওয়াজনিয়াক।

অ্যাপল কম্পিউটার যখন যাত্রা শুরু করে, তখন দুই স্টিভের পাশাপাশি আরও একজন ছিলেন, যিনি মানুষের কাছে তেমন কোনো পরিচিতিই পাননি। তিনি রোনাল্ড ওয়েন। অ্যাপল চালু হওয়ার আগে স্টিভ জবসের সঙ্গে তিনি কম্পিউটার ও ভিডিও গেম নির্মাতা আটারি ইনকরপোরেটেডে কাজ করতেন। পরে তিনি মূলত অ্যাপলের প্রশাসনিক দায়িত্ব পালন করেন। অ্যাপল কম্পিউটারের প্রথম লোগো আঁকেন তিনি, সেই সঙ্গে অংশীদারত্বের চুক্তিপত্র ও অ্যাপল-১ কম্পিউটারের জন্য ব্যবহারের নিয়মবলী লেখেন। অবাক করা ব্যাপার, অ্যাপল প্রতিষ্ঠার ১২ দিনের মাথায় মাত্র ৮০০ ডলারের বিনিময়ে তাঁর ১০ শতাংশ মালিকানা ত্যাগ করেন রোনাল্ড ওয়েন। ৮০ বছর বয়সী রোনাল্ড ওয়েন বর্তমানে অবসর জীবন যাপন করছেন।

পল অ্যালেন
সহপ্রতিষ্ঠাতা, মাইক্রোসফট করপোরেশন
বিল গেটস ও পল অ্যালেন—দুজনের হাতে বিশ্বের শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের গোড়াপত্তন হলেও বিল গেটসের নামই বেশি শুনি আমরা। অথচ ভাবনাটা প্রথম উদয় হয় অ্যালেনের মাথায়। পপুলার ইলেকট্রনিকস ম্যাগাজিনের জানুয়াির, ১৯৭৫ সংখ্যার প্রচ্ছদে প্রথম মাইক্রোকম্পিউটার হিসেবে পরিচিত অ্যালটেয়ার ৮৮০০-এর ছবি ছাপা হয়। সেটা দেখার পর পল অ্যালেন তাঁর বাল্যবন্ধু বিল গেটসকে কম্পিউটারটির জন্য বেসিক প্রোগ্রামিং ভাষা তৈরির ইচ্ছার কথা জানান। অ্যালটেয়ার ৮৮০০-এর প্রস্তুতকারক মাইক্রো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমসের (এমআইটিএস) সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি নমুনা দেখানোর জন্য তাদের ডেকে পাঠায়। এরপর তাঁরা দুজনে মিলে তড়িঘড়ি করে কম্পিউটারটির জন্য একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করেন। এমআইটিএস তাঁদের প্রোগ্রামিং ভাষা কিনতে সম্মত হলে ১৯৭৫ সালের ৪ এপ্রিল তাঁরা প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট (বর্তমানে মাইক্রোসফট করপোরেশন)। মাইক্রোপ্রসেসর ও সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ মাইক্রোসফট। এ নামটাও পল অ্যালেনের দেওয়া। ১৯৮২ সালে অ্যালেনের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেও মাইক্রোসফটের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। তবে মাইক্রোসফট ছাড়াও পল অ্যালেনের রয়েছে নিজস্ব পরিচয়। প্রযুক্তি, আবাসন, গণমাধ্যম, ক্রীড়া ক্লাবসহ নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী তিনি বিশ্বের ৫৫তম ধনী ব্যক্তি।

এদুয়ার্দো স্যাভেরিন
অ্যান্ড্রু ম্যাককলাম
ডাস্টিন মস্ক্ভিচ
ক্রিস হিউস
সহপ্রতিষ্ঠাতা
ফেসবুক ইনকরপোরেটেড
ফেসবুক প্রতিষ্ঠায় মার্ক জাকারবার্গের অবদান যে সবচেয়ে বেশি, তা সবারই জানা আছে। তার পরও জাকারবার্গ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা। ফেসবুক প্রতিষ্ঠায় তাঁর সঙ্গে আরও ছিলেন হার্ভার্ডের সহপাঠী এদুয়ার্দো স্যাভেরিন, অ্যান্ড্রু ম্যাককলাম, ডাস্টিন মস্ক্ভিচ ও ক্রিস হিউস। তাঁরা সবাই ফেসবুক প্রতিষ্ঠায় এবং প্রতিষ্ঠা-পরবর্তী প্রচারণাসহ নানা কাজে সাহায্য করেছেন। ফেসবুক জাকারবার্গের মৌলিক ধারণা নয়, এমনটাও শোনা যায়। হার্ভার্ডে পড়ার সময় ক্যামেরন উইঙ্কলভস, টাইলার উইঙ্কলভস ও দিব্য নরেন্দ্র নামের তিন জ্যেষ্ঠ ছাত্র দািব করেন, তাঁদের ধারণা চুরি করে মার্ক ফেসবুক তৈরি করেছে। তাঁরা এমনকি জাকারবার্গের বিরুদ্ধে মামলাও ঠুকে বসেন। অবশেষে ২০০৮ সালে ৩০ কোটি ডলারের ফেসবুক শেয়ারের বিনিময়ে এর নিষ্পত্তি হয়।
ডেভিড ফিলো
সহপ্রতিষ্ঠাতা
ইয়াহু ইনকরপোরেটেড
জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু প্রতিষ্ঠা করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র জেরি ইয়াং ও ডেভিড ফিলো। প্রাথমিকভাবে নাম ঠিক করা হয় ‘জেরি অ্যান্ড ডেভিডস গাইড টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’। তবে পরে জেরি ইয়াং পাদপ্রদীপের আলোয় থাকলেও ডেভিড ফিলো পর্দার আড়ালের কারিগর হিসেবে কাজ করে গেছেন। তাঁর তৈরি ফিলো সার্ভার প্রোগ্রাম ইয়াহু ওয়েবসাইটে দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে।