
সার্চ ইঞ্জিন গুগল ২৫ এপ্রিল নেপালে হয়ে যাওয়া ভূমিকম্পে আহত কিংবা নিহত এবং জীবিত বাসিন্দাদের তথ্য খোঁজার সুবিধা চালু করেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমের পোখরায়। ৭.৯ মাত্রার এ ভূমিকম্পে হতাহতদের খোঁজার ক্ষেত্রে গুগলের ‘পারসন ফাইন্ডার’ (https://google.org/personfinder/2015-nepal-earthquake) ব্যবহার করা হচ্ছে। এতে ভূমিকম্পে আক্রান্ত ব্যক্তিদের তথ্যাদি পাওয়ার সুবিধা রয়েছে। মূলত এ ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আক্রান্তদের তথ্য এক জায়গায় আনতেই সেবাটি চালু করা হয়েছে। ২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার দুই দিন পর ১৫ জানুয়ারি গুগলের একদল প্রকৌশলীর উদ্যোগ চালু হয় ওয়েব অ্যাপ্লিকেশন ‘পারসন ফাইন্ডার’ (http://google.org/personfinder)।
দুর্যোগের সময় আক্রান্ত ব্যক্তিদের তথ্য একসঙ্গে রাখতে এবং সে অনুযায়ী আক্রান্তদের সহায়তা করতে কাজ করে এ ওয়েব অ্যাপ্লিকেশনটি। এতে যুক্ত হওয়া ব্যক্তির তথ্য সহজে খুঁজে পাওয়া যায়। আর পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের তথ্য পেতে সহজ সার্চ সুবিধা রয়েছে এ ওয়েব অ্যাপ্লিকেশনে।
অ্যাপ্লিকেশনে দুইটি বক্সে রয়েছে ‘আই এম লুকিং ফর সামওয়ান’ এবং ‘আই হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট সামওয়ান’। কাউকে খুঁজতে চাইলে প্রথম বক্সে এবং কারও সম্পর্কে তথ্য জানাতে চাইলে দ্বিতীয় বক্সে ক্লিক করতে হবে। যিনি আক্রান্ত ব্যক্তির তথ্য জানতে চান, তিনি ‘আই এম লুকিং ফর সামওয়ান’ ও নিজের নাম লিখে দিতে পারেন।
নেপালের গত ৮১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হওয়ার পর গুগল এ ওয়েব অ্যাপ্লিকেশনটি পুনরায় সক্রিয় করে। এতে ইংরেজি এবং নেপালি দুই ভাষায় তথ্য দেওয়া ও পাওয়ার সুবিধা রাখা হয়েছে। ২৫ এপ্রিল রাত আটটা পর্যন্ত নেপালে ৪০০ জনের বেশি আক্রান্ত মানুষের তথ্য যোগ করা হয়েছে ‘পারসন ফাইন্ডার’-এ।
সূত্র: গুগল পারসন ফাউন্ডার এবং টাইমস অব ইন্ডিয়া