নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ড্রোন ফেসবুকে ডোনেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রোন থেকে তোলা নেপালের একটি এলাকার ছবি
ড্রোন থেকে তোলা নেপালের একটি এলাকার ছবি

নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এবার চালকবিহীন উড়ন্ত যান ড্রোন ব্যবহার করা হচ্ছে। গত শনিবার দেশটিতে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত মানুষের সংখ্যা এরই মধ্যে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। নেপালে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য এবং দ্রুত সাহায্য পৌঁছাতে ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। অর্থ সাহায্য করার জন্য ফেসবুকে বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে।
কানাডাভিত্তিক গ্লোবাল মেডিক নামের একটি সংস্থা ড্রোনের সাহায্যে আক্রান্ত অঞ্চলের ছবি ও মানচিত্রে সেই এলাকা চিহ্নিত করার কাজ করছে। তথ্য, ছবি এবং নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে দ্রুত উদ্ধারকারী দল ও সাহায্যকারীদের দেওয়া হচ্ছে। ফলে সাহায্য করার সুযোগ বাড়ছে বলেও জানিয়েছেন উদ্ধারকারী একাধিক দলের সদস্য। এ ড্রোনের বিষয়ে এবং এর কাজের পদ্ধতি নিয়ে বর্ণনা দিয়েছেন এ প্রকল্পের পরিচালক রাহুল সিং। ভিডিও দেখা যাবে http://bit.ly/1HZygn9 ঠিকানায়।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক নেপালে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিশেষ ‘ডোনেশান’ সুবিধা যুক্ত করেছে। ইতিমধ্যে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। ফেসবুক জানিয়েছে, ‘নেপাল, ভারত ও বাংলাদেশে ভূমিকম্পের প্রভাব পড়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই এগিয়ে এসেছেন। আমরা এ ধরনের উদ্যোগকে সহায়তা করতে “ডোনেশান” নামের একটি সুবিধা চালু করেছি।’
এখন অনেকেই তাঁদের নিউজ ফিডের ওপরে একটি বার্তা দেখতে পাবেন, যাতে ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশনে সাহায্যের আবেদনের কথা বলা হবে। এ প্রতিষ্ঠানটি এখন নেপালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এ সুবিধাটি ব্যবহার করে নেপালে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা যাবে। বিবিসি ও ফেসবুক নিউজরুম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী