নেভি সিলের সাত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও গেম তৈরিতে সহযোগিতা করতে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের সাত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এই সাতজনের মধ্যে একজন সাবেক আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন হত্যার অভিযানে অংশ নিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।বিভাগীয় শাস্তি হিসেবে তিরস্কারসূচক চিঠি পেয়েছেন ওই সাত সদস্য। তাঁদের দুই মাসের বেতন অর্ধেক করে দেওয়া হচ্ছে।সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সিল টিম সিক্সের এই সাত সদস্য অর্থের বিনিময়ে এ বছরের বসন্ত ও গ্রীষ্মে দুই দিন ‘মেডেল অব অনার: ওয়ারফাইটার’ গেমটির পরামর্শক হিসেবে কাজ করেছেন। গেমটি তৈরি করছে গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস (ইএ)।নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রতিরক্ষা দপ্তরের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিডিও গেম তৈরিতে নৌবাহিনীর সদস্যদের যুক্ত হওয়ার বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস তাদের তৈরি ‘মেডেল অব অনার: ওয়ারফাইটার’ গেমটির প্রচারণায় নৌবাহিনীর বিশেষ দলের সাহায্য নেওয়ার বিষয়টি জানায়। প্রতিষ্ঠানটির দাবি, বিশেষ দলটির সাহায্য নিয়ে ভিডিও গেমের বিভিন্ন অভিযান অনেক সূক্ষ্মভাবে নির্মাণ করা হয়েছে।রিয়ার অ্যাডমিরাল গ্যারি বনেলি জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে অসদাচরণের জন্য উপযুক্ত শাস্তির বিধান রয়েছে। স্পেশাল অপারেশন ফোর্সের সদস্য হতে হলে বিশেষ চুক্তি করতে হয়, শর্ত ভঙ্গ করলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।