নোটা ও ভারতের ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের এবারের লোকসভা নির্বাচনে প্রথম আগ্রহটি যদি নরেন্দ্র মোদিকে ঘিরে ঘুরপাক খেয়ে থাকে, তাহলে বেশ নিচের দিকের একটি বিষয়ও বহু মানুষের নজরে ছিল। নিচের দিক বললাম এই কারণে, যে মেশিনে বোতাম টিপে আমরা ভোট দিই, সেই মেশিনে একেবারে শেষের বোতামটিতে লেখা ছিল ‘নান অব দ্য অ্যাবভ’, যেগুলোর আদ্যাক্ষর মিলে সংক্ষেপে হয় ‘নোটা’। সহজ বাংলায় যা হলো ‘না’ ভোটের অধিকার। মানে, এই আমি ভোট দিতে গিয়ে যদি দেখি যাঁরা প্রার্থী, তাঁদের দুর্দান্ত গুণাবলি সত্ত্বেও আমার কাউকেই পছন্দ হচ্ছে না, আমি তাহলে ওই ‘নোটা’ বোতাম টিপে তা জানিয়ে দিতে পারি। সেই অধিকার ভারতের নির্বাচন কমিশন আমাদের দিয়েছে।
নির্বাচন কমিশন ভোট শেষে যে হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, সারা দেশে ‘না’ ভোটারের সংখ্যা ৬০ লাখের মতো, যা মোট প্রদত্ত ভোটের মাত্র ১ দশমিক ১ শতাংশ।
নরেন্দ্র মোদি যেহেতু ভোটের মূল আকর্ষণ ছিলেন, তাঁর রাজ্য গুজরাটের ওপর তাই স্বাভাবিক কারণেই মানুষের নজর বেশি ছিল। মোদি গুজরাটের যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, সেই ভদোদরায় ‘না’ ভোট পড়েছে ১৮ হাজার ৫৩টি! এই মানুষেরা মোদিকেও উপযুক্ত বলে মনে করেননি! গুজরাটি হয়েও গুজরাটি মোদি তাঁদের পছন্দের নন! দেশের গড়ের চেয়েও মোদির গুজরাটে ‘না’ ভোটের শতাংশের হার বেশি। সারা ভারতে যেখানে ১ দশমিক ১ শতাংশ, গুজরাটে সেখানে ১ দশমিক ৮ শতাংশ।
তবে সবাইকে ছাপিয়ে গেছেন তামিলনাড়ুর নীলগিরি কেন্দ্রের ডিএমকে প্রার্থী এ রাজা। এআইএডিএমকের সি গোপালকৃষ্ণের হাতে নিদারুণ পরাজয় তাঁকে মেনে নিতে হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু তাঁর কেন্দ্রের ৪৬ হাজার ৫৫৯ জন তাঁকে প্রার্থী হিসেবে অপছন্দ করেছেন, রাজা তা মেনে নিতে পারছেন না।
এই ‘নোটা’ ভারতীয় নির্বাচনী সংস্কারের একটা অঙ্গ যেমন, তেমনই ভোটারদের ভোট না দেওয়ার অধিকারেরও স্বীকৃতি। এ নিয়ে অবশ্য অনেক রকমের বিতর্ক আছে। যেমন বিজেপির দুই নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি মনে করেন, ‘না’ ভোট থাকুক, কিন্তু পাশাপাশি ভোট দেওয়ার অধিকারকেও বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ, আমি ভোটার হয়েও সেই অধিকার প্রয়োগ করব না, এটা হতে দেওয়া উচিত নয়। গণতন্ত্রের এই উৎসবে সবাইকেই অংশ নিতে হবে। না হলে শাস্তির বিধান থাকবে।
নির্বাচন কমিশন এখনো মোদি বা আদভানির এই যুক্তিকে গুরুত্ব দেয়নি। ভবিষ্যতে দেবে কি না, তা ভিন্ন কথা। ‘না’ ভোটের অধিকারও তো নিজে থেকে কমিশন দেয়নি। প্রতিবেশী বাংলাদেশ যেখানে ২০০৮ সালে ‘না’ ভোটকে অধিকার হিসেবে মান্যতা দিয়েছিল, ভারত সেখানে দিতে বাধ্য হলো সুপ্রিম কোর্টে মামলার ফলে। ২০০১ সালে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার জে এম লিংদো প্রথম বিষয়টি নিয়ে ভাবনা শুরু করেন। তাঁর উত্তরসূরি টি এস কৃষ্ণমূর্তি ২০০৪ সালে প্রস্তাবটি আলোচনার পর্যায়ে নিয়ে আসেন। কিন্তু বাস্তাবায়িত হয় না। মানবাধিকার রক্ষা অন্দোলনের সঙ্গে যুক্ত পিপলস ইউনিয়ন অব সিভিল লিবার্টিজ (পিইউসিএল) সুপ্রিম কোর্টে ‘নোটা’র সমর্থনে ২০০৯ সালে একটি জনস্বার্থ মামলা করে। সেই মামলায় নির্বাচন কমিশন জানায় তারা এই অধিকার দেওয়ার কথা ভাবছে। ২০১৩ সালে সেই মামলার রায়ে তদানীন্তন প্রধান বিচারপতি পি সদাশিবম তাঁর রায়ে বলেন, ‘নোটা’র অধিকারের ফলে রাজনৈতিক দলগুলো স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বাছতে বাধ্য হবে। এই অধিকার গণতন্ত্রকেই শক্তিশালী করবে।’
এই সদাশিবমের বদৌলতেই ২০১৩ সালের শেষে ভারতের যে পাঁচ রাজ্যের বিধানসভার ভোট হলো, সেখানেই প্রথম ‘নোটা’ চালু হয়। ১ দশমিক ৫ শতাংশ ভোটার তা প্রয়োগ করেছিলেন।
যেভাবে এখন ‘নোটা’ চালু রয়েছে, তা অধিকারকে প্রতিষ্ঠা করলেও তাতে মূল উদ্দেশ্য কিন্তু সাধিত হচ্ছে না। কারণ, এই নিয়মে ‘নোটা’র হার প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি হলেও নির্বাচন কিন্তু বাতিল হবে না। একটি কেন্দ্রের অধিকাংশ মানুষ ভোটপ্রার্থীদের পছন্দ করছেন না অথচ অপছন্দের মধ্যে সবচেয়ে বেশি ভোট প্রাপক জয়ী হচ্ছেন, ব্যাপারটা অবশ্যই কেমন কেমন লাগে। কিন্তু তবু ভারতের নির্বাচন কমিশন ভোট বাতিল করার সাহস অর্জন করতে পারল না। বাংলাদেশে ২০০৮ সালে আইনের সংশোধনে ‘না’ ভোটের দরুন নির্বাচন বাতিলের প্রস্তাব কিন্তু রাখা হয়েছিল। পরে বাংলাদেশ পিছিয়ে যায়, কেন ও কী কী কারণে সে ভিন্ন প্রসঙ্গ।
‘নোটা’র অধিকার কিংবা হলফনামায় শিক্ষাগত যোগ্যতা বা সম্পত্তির পরিমাণ জাহির করা—এই সবই সার্বিক নির্বাচন সংস্কারের এক একটা অঙ্গ। এই নিয়মও কখনো কখনো অর্থহীন হয়ে পড়ে। যেমন প্রার্থীদের সম্পত্তি কী করে কয়েক শ গুণ বাড়ল, তা যদি তদন্তের আওতায় না আসে, ভুল তথ্য দেওয়ার ফলে নির্বাচন যদি বাতিল না করা হয়, তাহলে কিসের বজ্র আঁটুনি, কিসের সংস্কার? ভোটে কালোটাকার ব্যবহার বন্ধে রাষ্ট্রীয় খরচে ভোট করানো অথবা অন্য ধরনের ক্ষমতার প্রয়োগে রাশ টানা না গেলে নির্বাচনের সংস্কারও সম্পূর্ণ হতে পারবে না। ‘নোটা’র মতো অধিকার শেষ পর্যন্ত প্রতীকীই থেকে যাবে৷
সৌম্য বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি