নোটিশ বোর্ড
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বৃত্তি প্রদান
কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিল ইস্টার্ন ইউনিভার্সিটি। বৃত্তি প্রদান ছাড়াও ২ জুন অনুষ্ঠিত ওই আয়োজনে কৃষিক্ষেত্রে অবদানের জন্য চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজকে সম্মাননা দেওয়া হয়।
ডিআইইউতে উদ্ভাবনী মেলা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) হয়ে গেল দুই দিনের উদ্ভাবনী মেলা। ধানমন্ডি ক্যাম্পাসে মেলা শুরু হয়েছিল ৪ জুন। মেলা আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের স্বশিক্ষিত গরিব ও মেধাবী উদ্ভাবকদের অনুপ্রাণিত করা। মেলায় প্রদর্শনী ছাড়াও নতুন উদ্ভাবনার ভূমিকা, বিজ্ঞানচর্চার সম্ভাবনা, প্রতিবন্ধকতা, সমাধান ও ভেনচার ক্যাপিটালের সঙ্গে নেটওয়ার্কিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
চারুকলায় ভর্তি ইচ্ছুকদের জন্য কর্মশালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তিসহায়ক কর্মশালার আয়োজন করেছে ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা। ‘অক্ষর’ নামের এই কর্মশালা শুরু হবে ১০ জুন থেকে। আগ্রহীদের সরাসরি যোগাযোগ করতে হবে চারুকলা অনুষদে।
ইউএপিতে সেমিনার
২ জুন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর পুরকৌশল বিভাগের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিবেশ আন্দোলন ও প্রকৌশল বিজ্ঞান বিষয়ক সেমিনার।
ইউএপির উপ-উপাচার্য ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম আর কবিরের উপস্থিতিতে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া ইউএপি শিক্ষক, শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।