নোট ৪ প্রি-বুকিং শুরু হচ্ছে

দেশের বাজারে গ্যালাক্সি নোট ৪-এর উদ্বোধন করেছে স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেড বাংলাদেশ এবং গ্রামীণফোন। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই স্মার্টফোনটির উদ্বোধন করেছে প্রতিষ্ঠান দুটি।
স্যামসাং জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে এই স্মার্টফোনটির জন্য আগাম ফরমায়েশ (প্রি-বুক) শুরু হচ্ছে।
গ্রামীণফোনের প্লাটিনাম এবং প্লাটিনাম প্লাস গ্রাহকেরা আগাম ফরমায়েশে ৬৭ হাজার ৫০০ টাকায় এটি কিনতে পারবেন। তবে গ্রামীণফোনের গ্রাহক না হলে গ্যালাক্সি নোট ৪ কিনতে খরচ হবে ৮০ হাজার টাকা। গ্রামীণফোন সেবাকেন্দ্র এবং স্যামসাং বিক্রয়কেন্দ্র থেকে আগাম ফরমায়েশ দেওয়া যাবে।
স্যামসাং জানিয়েছে, বাংলাদেশের বাজারে অক্টোবরের মাঝামাঝি থেকে এই ফোন হাতে পাবেন ক্রেতারা। চারটি রঙে এই ফোনটি বাজারে আসবে। গ্রামীণফোনের অফারে বিশেষ মূল্যের পাশাপাশি গ্রাহকেরা ফ্রি ইন্টারনেটসেবা পাবেন। ১২ মাসের কিস্তিতেও (ইএমআই) এটি কেনার সুযোগ থাকছে।
স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন এবং গ্রামীণফোনের হেড অব স্ট্রাটেজি অ্যান্ড প্রজেক্ট অফিস অ্যারলেন্ড প্রেস্টগার্ড, স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার ইয়ং উ লি, হেড অব মোবাইল হাসান মেহেদী, গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং নেহাল আহমেদসহ গ্রামীণফোন ও স্যামসাংয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্যামসাং জানিয়েছে, নোট সিরিজের সর্বশেষ এই সংস্করণে আছে গ্যালাক্সি ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এস পেন, যা ব্যবহারকারীকে লেখার দারুণ অভিজ্ঞতা দেবে।
বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস ৩ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে গ্যালাক্সি নোট স্মার্টফোনের নতুন সংস্করণ ‘নোট ৪’ উন্মুক্ত করেছিল।
ধাতব কাঠামোর স্মার্টফোনটির ডিসপ্লে ৫.৭ ইঞ্চি মাপের। নতুন স্মার্টফোনটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে তা গেমারদের আকর্ষণ করে। এর জন্য স্টাইলাস পেনকে আরও উন্নত করা হয়েছে। বড় স্ক্রিনের সুবিধা নিয়ে যাতে মাল্টিটাস্কিং করা যায়, তার জন্য বেশ কিছু ফিচার এসেছে নোট ফোরে।
স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। বার্লিনে অনুষ্ঠিত আইফা সম্মেলনে নতুন স্মার্টফোন উন্মুক্ত করেন স্যামসাং ইলেকট্রনিকসের বিপণন বিভাগের প্রধান ডিজে লি।