নোট ৫ এর 'পেনগেট' কেলেঙ্কারি!

আইফোনের বেঁকে যাওয়া নিয়ে যেভাবে ‘বেন্ডগেট’ সমস্যায় পড়েছিল অ্যাপল; এবারে গ্যালাক্সি নোট ৫ ও এর স্টাইলাস পেন নিয়ে সেই একইরকম ‘পেনগেট’ সমস্যায় পড়েছে স্যামসাং। কিছু নোট ৫ ব্যবহারকারী অভিযোগ করছেন, ফোনটির স্টাইলাস পেনটির নকশায় ত্রুটি রয়েছে। পেনটি ফোনের কাঠামোর সঙ্গে সহজেই রাখা যায়। কিন্তু পেনটি যদি কোনোভাবে উল্টো করে ফোনের খাপের মধ্যে রাখা হয় তাহলেই সর্বনাশ। স্টাইলাসটি তখন আর সহজে বের করা যায় না। আবার জোর করে বের করলে ফোন ও পেন দুটোরই ক্ষতি হয়। স্টাইলাস পেনটি আর কাজ করে না।
‘পেনগেট’ সমস্যা প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ বলছে, ফোনের সঙ্গে ফোন ব্যবহারের একটি নির্দেশনা ম্যানুয়াল দিয়েছে তারা। সেখানে এই পেনটি কীভাবে ব্যবহার করতে হবে সেটি লেখা রয়েছে।
পেনটিকে যেভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে রাখলে কোনো সমস্যা হবে না। নোট ৫ এর স্টাইলাসটিকে এভাবেই রাখার জন্য নকশা করা হয়েছে।
১৩ আগস্ট লন্ডনে একটি অনুষ্ঠানে গ্যালাক্সি নোট ৫ ও গ্যালাক্সি এস ৬ এজ প্লাসের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। নোট ৫ হচ্ছে গ্যালাক্সি নোট ৪ এর পরবর্তী সংস্করণ।
২০১১ সালে নোট সিরিজের প্রথম স্মার্টফোন বাজারে এনেছিল স্যামসাং। এটি মূলত একটি ফ্যাবলেট। এতে ট্যাব ও স্মার্টফোনের ফিচার ব্যবহারের সুযোগ রয়েছে। এর ডিসপ্লে পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের ও এর পুরুত্ব সাত দশমিক ছয় মিলিমিটার। ১৭১ গ্রাম ওজনের নোট ৫ স্মার্টফোনটি ৩২ জিবি ও ৬৪ জিবি সংস্করণে বাজারে পাওয়া যায়। স্মার্টফোনটিতে অক্টা কোর এক্সিনোস প্রসেসর রয়েছে। ফোনটির পেছনে ১৬ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। অ্যান্ড্রয়েড ললিপপ চালিত স্মার্টফোনটিতে ফিচার হিসেবে এস পেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি ও দ্রুতগতিতে চার্জ দেওয়ার প্রযুক্তি রয়েছে।
ইদানীং ফ্ল্যাগশিপ ফোন বাজারে আসার পর তার ত্রুটি বের করে ওয়েবে তা ছড়িয়ে দেওয়ার চল শুরু হয়েছে। আইফোন ৪ এর ‘অ্যানটেনা’ সমস্যা নিয়ে শুরু হয় ‘অ্যানটেনা গেট’ কেলেঙ্কারি। গত বছরে আইফোন ৬ প্লাসের বেঁকে যাওয়ার ঘটনাটি পরিচিতি পায় বেন্ডগেট কেলেঙ্কারি নিয়ে। এবারে স্যামসাংয়ের এসপেন নিয়ে শুরু হয়েছে ‘পেনগেট’। (বিবিসি, স্ল্যাশগিয়ার)