নোট ৭ নিয়ে যা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের নোট ৭
স্যামসাংয়ের নোট ৭

নোট ৭ স্মার্টফোনটি নিয়ে স্যামসাং যে দুর্দশায় পড়েছে, তাতে ‘নোট’ ব্র্যান্ড নামটিকেই বাদ দিতে হচ্ছে। গত কয়েক মাসে নোট ৭–এর কয়েকটিতে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় স্যামসাংকে চড়া মূল্য দিতে হচ্ছে।
কী ঘটেছিল নোট ৭–এর ক্ষেত্রে? স্যামসাংয়ের দাবি, সামান্য ব্যাটারি সমস্যা থেকে ফোনে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। বাজার বিশ্লেষকেরা বলছেন, শুরুতেই যখন আগুন লাগার ঘটনা নিয়ে হইচই শুরু হয়, তখন স্যামসাং নতুন ফোন বদলে দেওয়ার কর্মসূচির ঘোষণা করে সেই সংকট থেকে বের হতে চেয়েছিল। তখন স্যামসাং এ ফোনগুলোকে নিরাপদ বলে দাবিও করে। তবে পরে বদলি ফোনগুলোতেও আগুন লাগার অভিযোগ উঠতে শুরু করে। তখন অনেকটা বাধ্য হয়েই স্যামসাং নোট ৭ উৎপাদন ও বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়। এবারে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে গুঞ্জন উঠেছে, নোট নামটিই বাদ দিতে চলেছে স্যামসাং
নোট ৭–এর ঘটনাক্রম
২ আগস্ট নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি নোট ছাড়ে স্যামসাং। একে বলা হয়, ‘বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন।’ ১৯ আগস্ট বিশ্বের ১০টি দেশের বাজারে বিক্রি শুরু হয় নোট ৭। প্রথম বিস্ফোরণের খবর ২৪ আগস্ট দক্ষিণ কোরিয়ার নোট ৭ ফোনের প্রথম বিস্ফোরণের তথ্য গণমাধ্যমে আসে। এরপর আরও বেশ কিছু বিস্ফোরণের তথ্য প্রকাশ পায়। ২ সেপ্টেম্বর ‘ব্যাটারি সমস্যার’ কথা বলে বিশ্বজুড়ে ২৫ লাখ ফোন ফেরত নেওয়ার ঘোষণা দেয় স্যামসাং। ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যাত্রীদের বিমানে নোট ৭ ব্যবহারে সতর্ক করে। ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের গ্রাহক সুরক্ষা কমিশন ১০ লাখ নোট ৭ ফেরত নেওয়ার কথা বলে। ব্যবহারকারীদের এই ফোনটি ব্যবহার করতে নিষেধ করে। ১৬ সেপ্টেম্বর ফ্লোরিডার এক স্মার্টফোন ব্যবহারকারী নোট ৭ বিস্ফোরণের জন্য মামলা করেন। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার নোট ৭ বদলে নেওয়ার কর্মসূচি চালু করে স্যামসাং। ওই দিন চীনে নোট ৭–এ আগুন লাগে। স্যামসাং দাবি করে, বাইরের তাপের কারণে আগুন লাগে তাতে। ২১ সেপ্টেম্বর থেকে আবার নতুন নোট ৭–এর ফরমাশ নেওয়া শুরু করে ভেরিজন, স্প্রিন্ট।

২৫ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া নোট ৭ বিক্রি শুরু করার বিষয়টি আরও দেরি করার সিদ্ধান্ত নেয় স্যামসাং। ব্যাটারির জন্য অতিরিক্ত নিরাপত্তা নিতে স্যামসাংকে নির্দেশ দেয় দেশটির কর্তৃপক্ষ। ১ অক্টোবর স্যামসাং ঘোষণা করে বিশ্বজুড়ে নিরাপদ ব্যাটারিচালিত ১০ লাখ নোট ৭ বিক্রি হয়েছে। ৬ অক্টোবর আবার দুঃসংবাদ আসে স্যামসাংয়ের জন্য। যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমানে নোট ৭ থেকে বের হওয়া ধোঁয়ার কারণে যাত্রীদের খালি করা হয়।

১০ অক্টোবর নিরাপত্তা উদ্বেগের কথা বিবেচনায় নোট ৭ বাজারে ছাড়া বন্ধ করে স্যামসাং। ১১ অক্টোবর নোট ৭ বিক্রি ও উৎপাদন বন্ধ করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ১৩ অক্টোবর ‘নোট’ ব্র্যান্ডটিকে বিদায় বলার গুঞ্জন উঠল।

তথ্যসূত্র : ডিজিটাল ট্রেন্ডস, গ্যাজেটসনাউ।