নোবিপ্রবিতে মুক্ত সফটওয়্যার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের (নোবিপ্রবি-ওএসএন) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মুক্ত সফটওয়্যারবিষয়ক কর্মশালা। ১১ ও ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ প্রযুক্তি (সিএসটিই) বিভাগের ল্যাবের এ আয়োজনের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেসের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরির সফটওয়্যার ম্যাজেন্টোর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন ইসলামী ব্যাংকের তথ্যপ্রযুক্তি প্রকৌশলী আবদুলাহ আল নোমান। এ ছাড়া একই দিনে সপ্তম ব্যাচের জন্য মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু ও ইন্টারনেটে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া (http://bn.wikipedia.org) নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন বাংলালায়নের নেটওয়ার্ক প্রকৌশলী অভিজিৎ চৌধুরী। দুই দিনের আয়োজন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. বেলাল হোসাইন, সহকারী অধ্যাপক ইব্রাহিম আজাদ। পুরস্কৃত হন বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল মুকিত, শুভ্রা পারভীন ও রয়াল হাসান। —নিজস্ব প্রতিবেদক