নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিভিন্ন প্রকল্প গ্রহণে আগ্রহী করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এআইএফ প্রমোশনাল ওয়ার্কশপ’ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষা ও গবেষণার মান বাড়ানো, গ্রন্থাগার, পরীক্ষা ও প্রশাসনব্যবস্থার উন্নয়নের নানা দিক নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আমেনা বেগম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান। রিসোর্স পারসন হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. তাজুল ইসলাম, এ আই এফ ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ মো. মোজাহার আলী, হেকেপ প্রকল্পের সমন্বয়ক মো. কোরবান আলী, পরামর্শক মো. জিল্লুর রহমান, জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মো. মোস্তাক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।ওয়ার্কশপে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। তাঁরা ওয়ার্কশপে প্রদত্ত দিকনির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে প্রকল্প জমা করবেন।—নোয়াখালী অফিস