নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি নিয়ে আয়োজন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দুই দিনের তথ্যপ্রযুক্তি আয়োজন গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ারুল বাশার শিক্ষার্থীদের জন্য আয়োজিত কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় কম্পিউটার ও টেলিযোগাযোগ (সিএসটিই) বিভাগের ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ইফতেখার, মিরাজ ও হাসানের ওল্ড ফেইথফুল দল চারটি সমস্যার সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া বুলবুল, শামভিল ও ক্যাফেলের দল প্রথম রানারআপ; ইয়াসিন, রিয়াজ ও নাসের দ্বিতীয় রানারআপ হয়েছে। সকালে এ ছাড়া মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর ওপর সিএসটিই বিভাগের শিক্ষার্থীরা একটি কর্মশালার আয়োজন করে। বিকেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ওপর কর্মশালা পরিচালনা করেন মুক্ত পেশাজীবী মো. আল আমিন চৌধুরী । কর্মশালায় উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান ও তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর। আজ এ আয়োজনের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টার চালু করা হবে। এরপর তথ্যপ্রযুক্তি ও কর্মসংস্থান নামে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া হবে আজ। —নিজস্ব প্রতিবেদক