নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে সাইবার সেন্টার চালু
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চালু হলো সাইবার সেন্টার। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এর উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি নিয়ে দুই দিনের আয়োজনের শেষ দিনে এই কেন্দ্র চালু করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনীর হাসান, নোবিপ্রবির রেজিস্ট্রার মমিনুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, ইংরেজি বিভাগের প্রভাষক মারুফুল আলমসহ অনেকে। সাইবার সেন্টার উদ্বোধনের পর তথ্যপ্রযুক্তি ও কর্মসংস্থানবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুনীর হাসান।আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান তাঁর বক্তৃতায় সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে এ দেশের সাধারণ মানুষ যে হাত দিয়ে লাঙল ধরে চাষাবাদ করত, সে হাতে বন্দুক তুলে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তেমনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে যে হাত দিয়ে মানুষ লাঙল ধরে চাষাবাদ করত, সে হাতে তারা ল্যাপটপ তুলে নিচ্ছে। তাই আমি বলতে পারি, এ দেশে পরিবর্তন আসবেই।’ তিনি এ বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্যপ্রযুক্তি সেবা দিতে আইসিটি মন্ত্রণালয়ের অর্থায়নে এই সাইবার সেন্টার চালু করা হয়েছে। ইন্টারনেট সংযোগসহ এতে ৩০টি কম্পিউটার রয়েছে। এই সেন্টার থেকে সপ্তাহে এক দিন বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের কম্পিউটারের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হবে। —নোয়াখালী অফিস