নড়াইলে বেশির ভাগ ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো নড়াইলেও গত বছরের ১১ নভেম্বর প্রতিটি ইউনিয়ন পরিষদে তথ্য সেবা কেন্দ্রের (ইউআইএসসি) আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কিন্তু এখন পর্যন্ত জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই কেন্দ্র পুরোপুরিভাবে চালু হয়নি। ১৯টি ইউনিয়ন পরিষদে জরাজীর্ণ ভবনের কারণে ইউআইএসসি চালুই হয়নি। বাকিগুলোও ঢিমেতালে চলছে বা অচল অবস্থায় রয়েছে। স্থানীয় জনগণও এসব কেন্দ্রের সেবা সম্পর্কে তেমন কিছু জানে না। কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুতের সংযোগ না থাকায় অথবা কেন্দ্রের পরিচালক অন্যত্র চাকরি নিয়ে চলে যাওয়ার কারণে ইউআইএসসি বন্ধ রয়েছে।সংশিষ্ট সূত্রে জানা গেছে, উদ্বোধনের আগেই ইউনিয়ন পরিষদগুলোয় স্থানীয় সরকার বিভাগ থেকে একটি করে ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেট মডেম দেওয়া হয়। এসব কেন্দ্র থেকে ইন্টারনেট ব্যবহারসহ অল্প খরচে কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, ছবি তোলা ও স্ক্যান করার সুবিধা দেওয়ার কথা। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে দুজন করে কম্পিউটার অপারেটরও নিয়োগ দেওয়া হয়। তাঁদের ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। তথ্যসেবা দিয়ে অপারেটররা উপার্জন করবেন, সরকার তাঁদের কোনো বেতন-ভাতা দেবে না।নড়াইল জেলার তিনটি উপজেলা (সদর, লোহাগড়া ও কালিয়া) এবং একটি প্রশাসনিক থানায় (নড়াগাতি) মোট ৩৯টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ১৯টি ইউনিয়ন পরিষদের নতুন কোনো ভবন নেই। ইউনিয়নগুলো হলো সদর উপজেলার কলোড়া, মুলিয়া, হবখালী, আউড়িয়া ও শেখহাটি; লোহাগড়া উপজেলার লোহাগড়া, লক্ষ্মীপাশা, লাহুড়িয়া, মল্লিকপুর, দিঘলিয়া, নোয়াগ্রাম ও শালনগর এবং কালিয়া উপজেলার সালামাবাদ, পহরডাঙ্গা, জয়নগর, কলাবাড়িয়া, মাউলি ও হামিদপুর। সদর উপজেলার কলোড়া ইউনিয়নের কলেজছাত্র রাসেল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদে তথ্যপ্রযুক্তির সেবা পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে কেন্দ্র পরিচালনাকারী হিসেবে যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই। স্থানীয় বাজারে তাঁর একটি কম্পিউটারের দোকান রয়েছে। সরকারের দেওয়া কম্পিউটার তাঁর দোকানে ব্যবহার করে ব্যবসা করা হয়। কেন্দ্রের ওই পরিচালক স্বপন বিশ্বাস এ ব্যাপারে বলেন, পরিষদের ভবন না থাকায় নিরাপত্তার কারণে নিজের দোকান ও বাড়িতে কম্পিউটার রেখে কাজ করা হয়। পরিষদের সচিব শফিক খান বলেন, ১০ দিনের প্রশিক্ষণে কম্পিউটারের প্রকৃত কাজ শেখা হয় না। তিনি মনে করেন, যত দিন ইউনিয়ন পর্যায়ে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী নিয়োগ দেওয়া না হবে, তত দিন সরকারের এ উদ্যোগ সফল না হওয়ার আশঙ্কা রয়েছে।সদর উপজেলার নাকশি গ্রামের ব্যবসায়ী রেজাউল মল্লিক বলেন, প্রাথমিক পর্যায়ে সরকার যেভাবে ঢাকঢোল পিটিয়ে কর্মসূচি চালু করে, তাতে আশান্বিত হলেও বর্তমানে এটা বজ্র আঁটুনি ফসকা গেরোর মতো মনে হচ্ছে। সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিপুল সরকার বলেন, পরিষদের ভবন না থাকায় ইউআইএসসির পরিচালক সদানন্দ পোদ্দারের বাড়িতে কম্পিউটার রেখে কাজ চালানো হচ্ছে। সিঙ্গাশোলপুর ইউনিয়নের সচিব মো. তারেকুল ইসলাম বলেন, স্নাতকোত্তর ডিগ্রিধারী ইউআইএসসির পরিচালক অমল বিশ্বাস এখানে আসেন না। তাই কাজ চালিয়ে নিতে স্থানীয় বাজারের আকবর হোসেনের দোকানে মালামাল রাখা হয়েছে। অমল বিশ্বাস জানান, ছয় মাস ধরে তিনি অপারেটরের কাজ করছেন। এ কাজে তাঁর যে আয় হয়, তাতে অফিসে যাতায়াতের খরচও ওঠে না।হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোহম্মদ বলেন, ইউনিয়ন পরিষদ ভবনের বেশির ভাগ অংশ নবগঙ্গা নদীতে বিলীন হয়েছে। ইউআইএসসি চালু করতে একটি মাত্র ল্যাপটপ দেওয়া হয়েছে। তাই পুরোপুরিভাবে এই কাজ চালু হয়নি। লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশও কেন্দ্র না চলার কারণ হিসেবে একই রকম সমস্যা তুলে ধরেন। কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, ইউআইএসসির জন্য কিছু আসবাবপত্রসহ একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ কম্পিউটার দেওয়া হলেও বিদ্যুতের অভাবে তা পরিচালনা করা যাচ্ছে না। নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান জানান, বিদ্যুতের সংযোগ না থাকায় কেন্দ্র পরিচালনা করা সম্ভব হয়নি।নড়াইলের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেনন, জেলার প্রতিটি ইউনিয়নেই ইউআইএসসি চালু করা হয়েছে। তবে কেন্দ্রের পরিচালকদের সরকারি কোনো সম্মানীর ব্যবস্থা না থাকায় হয়তোবা কোনো ইউনিয়নে এর ব্যত্যয় ঘটছে। তবে সে ক্ষেত্রে ইউনিয়ন সচিবদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। অচিরেই এই সমস্যার সমাধান হবে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পর্যায়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তড়িঘড়ি করে ইউআইএসসি পরিচালনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে জটিলতাসহ অনিয়মের ঘটনা ঘটেছে। তিনি মনে করেন, এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে অবশ্যই প্রতিটি ইউনিয়নে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণসহ সরকারিভাবে জনবল নিয়োগ করা উচিত। অন্যথায় সরকারের এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়। —কার্ত্তিক দাস, নড়াইল প্রতিনিধি