নড়াইলে সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত পর্বে সুন্দরবনের বিজয় নিশ্চিত করতে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন এবং সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) গত বুধবার নড়াইলের কালিয়া উপজেলায় ইন্টারনেটের মাধ্যমে ভোট সংগ্রহ করে। অরুণিমা কান্ট্রিসাইড ও গলফ রিসোর্ট ইন্টারনেটে ভোট সংগ্রহ করা হয়। একই সঙ্গে ছিল আলোচনা সভা। খবর বিজ্ঞপ্তির। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার ফজলুর রহমান। আলোচনায় কোয়াবের সপ্তাশ্চর্য কমিটির আহ্বায়ক নাজমুল করিম ভূঁঞা, যুগ্ম আহ্বায়ক নেয়ামুল হক খান, অরুণিমা কান্ট্রিসাইড ও ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদসহ অনেকে বক্তৃতা করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটনশিল্প দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যেমন অবদান রাখছে, তেমনি দেশের বেকারত্ব নিরসনে কর্মসংস্থান সৃষ্টিতে জোরালো ভূমিকা পালন করছে।