পছন্দের ফোন তৈরি করবে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পছন্দের ফোন তৈরি করবে গুগল
পছন্দের ফোন তৈরি করবে গুগল

গুগল এবার আগ্রহীদের নতুন স্মার্টফোন তৈরির সুযোগ দেবে। আর এ কাজটি পরিচালনা করবে গুগলের প্রতিষ্ঠান মটোরোলা। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের সুবিধাযুক্ত স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এ প্রকল্পের আওতায় আগ্রহী ব্যবহারকারীরা একটি সাধারণ ফোন কিনে সেখানে প্রয়োজন অনুযায়ী মডিউল যেমন কীবোর্ড, ব্যাটারি, অন্যান্য সেন্সর, ফিচার যুক্ত করতে পারবেন। ডাচ নকশাবিদ ডেভ হ্যাককেন্স এ ক্ষেত্রে মটোরোলার সঙ্গে যুক্ত হয়েছে যিনি ফোনব্লকস নামে একটি মডিউল তৈরি করেছেন এ প্রকল্পের জন্য।
তবে বিশেষজ্ঞরা এখনো এ বিষয়ে সন্দিহান। কীভাবে গ্রাহকদের পছন্দ অনুযায়ী একটি স্মার্টফোন তৈরি হবে সেটি নিয়েও চলছে আলোচনা। তবে মটোরোলা জানিয়েছে এ প্রকল্পটি এখন চালু হলেও এর কাজ চলছে এক বছরেরও বেশি সময় ধরে। এ বিষয়ে প্রকাশিত এক ব্লগ পোস্টে মটোরোলা জানায়, আমরা হার্ডওয়্যার এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম সুবিধা দেব আর চাইছি গ্রাহকদের পছন্দ অনুযায়ী তৃতীয় পক্ষের একটি ডেভেলপার ইকোসিস্টেম। এতে করে মূলত গ্রাহককে নিশ্চিত করা হবে যে ফোনটিতে কী আছে, কোথা থেকে তৈরি, তৈরিতে খরচ কেমন পড়েছে ইত্যাদি। এ প্রকল্পকে সহজে ব্যবহারকারীদের হাতে পৌঁছাতে ডেভেলপারদের জন্য বিশেষ ডেভেলপারস কিট তৈরির ব্যাপারেও কাজ করছে মটোরোলা। একটি নির্দিষ্ট মডিউল নির্বাচন করার পর গ্রাহক চাইলে পরবর্তী সময়ে তার পছন্দের বিষয়গুলো স্মার্টফোনে যোগ করতে পারবেন। আর তাতেই একেবারে মনের মতোই হবে প্রিয় স্মার্টফোনটি, এমনই আশাবাদ কর্তৃপক্ষের।
—বিবিসি অবলম্বনে কাজী আলম