পছন্দের শীর্ষে বড় স্ক্রিনের স্মার্টফোন
স্মার্টফোনের স্ক্রিন যত বড় হয় ততই ভালো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ফেসবুকে এক জরিপ চালায় গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্স। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অল থিংস ডি এক খবরে জানিয়েছে, ওই জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই বড় মাপের স্ক্রিনের পক্ষে মত দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিল ব্যবহূত স্মার্টফোনের চেয়ে আরও বড় স্ক্রিনের স্মার্টফোন চান কি না। এই প্রশ্নের উত্তরে শতকরা ৯০ শতাংশ বড় স্ক্রিনের পক্ষে মত দিয়েছেন। কত বড় মাপের স্ক্রিন চান? এ প্রশ্নের উত্তরে জরিপে অংশগ্রহণকারীদের পছন্দ ছিল চার থেকে সাড়ে চার ইঞ্চি স্ক্রিনের পক্ষে। তবে এক্ষেত্রে স্মার্টফোন হতে হবে হালকা-পাতলা।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারে বড় মাপের স্ক্রিন এলে তা ক্রেতাদের পছন্দসই হবে। তাই বড় মাপের স্মার্টফোনের স্ক্রিনের দিকে ঝুঁকছে স্মার্টফোন নির্মাতারা।