পঞ্চগড় থেকে শুরু হবে জনসংখ্যা রেজিস্টারের কাজ
পঞ্চগড় থেকে দেশের জনসংখ্যা রেজিস্টারের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলা এ কার্যক্রমের আওতায় আসবে। জুলাই থেকে পঞ্চগড়ে প্রথম এই কার্যক্রম শুরু হবে। গত শুক্রবার পঞ্চগড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। তিনি আরও জানান, এই রেজিস্টারে সব নাগরিকের মৌলিক তথ্য ছবিসহ সংরক্ষণ করা হবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। অনুষ্ঠানে জেলা প্রশাসক বনমালী ভৌমিক, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামানসহ অনেকে বক্তব্য দেন। জনগণের মধ্যে তথ্যপ্রযুক্তির সচেতনতা তৈরি করতে এবং উদ্ভাবনী কাজে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। দেশে জেলা পর্যায়ে অনুষ্ঠিত এটিই প্রথম ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলায় বিভিন্ন ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়ে ই-সেবা প্রদর্শন করে। গতকাল শনিবার শেষ হয়েছে এ মেলা। —পঞ্চগড় প্রতিনিধি