পঞ্চগড়ে অনলাইনে জন্মনিবন্ধন কর্মশালা
অনলাইনে জন্মনিবন্ধন ও ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের কার্যক্রম বিষয়ে এক কর্মশালা সম্প্রতি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়েছে। কর্মশালার শুরুর দিনে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শামছুল, ইউপি চেয়ারম্যান আবদুর রব, প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলসহ অনেকে। ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের কার্যক্রমের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি কর্মকর্তা বিকাশ বিশ্বাস এবং অনলাইনে জন্মনিবন্ধন এবং ইউপি চেয়ারম্যান ও সচিবদের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর। সভায় ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ নিয়ে আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজা।সভায় সুশাসন বাস্তবায়ন করার লক্ষ্যে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনলাইনে জন্মনিবন্ধন চালুর কার্যক্রম গ্রহণ করতে চেয়ারম্যানদের প্রতিও অনুরোধ জানানো হয়। সভায় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার ৪৩টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের উদ্যোক্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি