পঞ্চগড়ে ইউনিয়ন তথ্যপ্রযুক্তি সেবাকেন্দ্রের পরিচালকদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি সেবা গ্রামে পৌঁছে দিতে পঞ্চগড় জেলার প্রত্যেকটি ইউনিয়নে চালু হয়েছে ইউনিয়ন তথ্যপ্রযুক্তি ও সেবাকেন্দ্র। ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এই সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে দুজন করে বেকার যুবক ও যুবতীকে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। জেলার ৪৩টি ইউনিয়নে ৮৬ জন পরিচালকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ২০ জনের প্রথম ব্যাচের প্রশিক্ষণ গত শনিবার বিকেলে শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন পঞ্চগড় এম আর সরকারি কলেজের কম্পিউটার ল্যাবে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহছানুল পারভেজের তত্ত্বাবধায়নে প্রশিক্ষণ পরিচালনা করেন সহকারী প্রোগ্রামার মো. মনিরুজ্জামান মনি ও এহসানুল ইসলাম। প্রশিক্ষণে ইন্টারনেট ই-মেইলের ব্যবহার, ই-মেইল একাউন্ট খোলা, ওয়েবসাইট থেকে নানা দরকারি তথ্য ও ফরম ডাউনলোড করাসহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের একটি কক্ষে স্থাপিত এসব কেন্দ্রে একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। এই প্রশিক্ষণের ফলে পরিচালকেরা ইউনিয়ন তথ্যপ্রযুক্তি ও সেবাকেন্দ্র থেকে ইন্টারনেটর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ পরীক্ষার ফলাফল, ভর্তিসহ নানা ধরনের তথ্যসেবা খুবই সহজেই জানাতে পারবেন। —শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি