পঞ্চগড়ে উপজেলা ভাইস চেয়ারম্যানদের কম্পিউটার প্রদান
পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে কম্পিউটার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান ভূঁইয়া গত বুধবার এক অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যানদের হাতে কম্পিউটারগুলো তুলে দেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত ও প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলায় ৫০ হাজার পাতার জাতীয় ই-কোষ চালু করা হয়েছে। জনগণ চাইলেই ই-বুকের সহায়তা নিতে পারে। সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হলে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য সারা দেশের ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের উদ্যোগ নেওয়া হয়েছে। —পঞ্চগড় প্রতিনিধি