পঞ্চগড়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা গতকাল শনিবার পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল প্রযুক্তির সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ কবীর, সাংসদ মো. মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর ছিদ্দিক, পুলিশ সুপার শাহারিয়ার রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্র্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান। মেলায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রগুলোসহ সরকারি-বেসরকারি ৩০টি স্টল রয়েছে। মেলায় ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের স্টল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে জমির পরচার আবেদন, অনলাইনে পরীক্ষার ফলাফল, সরকারি ফরম ডাউনলোড, ই-মেইল আদান-প্রদান, ভিডিও কনফারেন্সি, ইন্টারনেট ব্রাউজিং, কম্পিউটার প্রশিক্ষণ—এসব বিষয় হাতেকলমে দেখানো ও শেখানো হচ্ছে। অন্য সরকারি ও বেসরকারি স্টলগুলোতে প্রতিষ্ঠানগুলোর পোর্টাল চালুর মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক তথ্যভান্ডার। সব প্রতিষ্ঠানের তথ্যকোষ রয়েছে তাদের সব ধরনের কাজের বিবরণ ও জনগণের চাহিদা মেটানোর পদ্ধতি ও জিজ্ঞাসা। এ ছাড়া মেলা চত্বরের মঞ্চে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’, ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে স্থানীয় সরকারের ভূমিকা’, ‘ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রর বিভিন্ন কার্যক্রম’ শীর্ষক আলোচনা সভা, ‘ডিজিটাল তথ্যপ্রযুক্তি’ শীর্ষক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। —শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি