পঞ্চগড়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার শীর্ষক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে সরকারি সেবার মানোন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা সম্প্রতি পঞ্চগড় শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এ আলোচনা সভার আয়োজন করে। সিভিল সার্জন ইমারউদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গিয়াসুদ্দীন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান। সভায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবাপ্রাপ্তির মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। সেবাদানকারী ও সেবা প্রদানকারীর মধ্যে যোগাযোগ স্থাপন করে সাধারণ মানুষকে সচেতন করা এবং সেবা প্রদানকারীদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে উন্নত সেবা দেওয়া সম্ভব বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। সভায় জানানো হয়, সরকারি সেবা নিয়ে নাগরিকদের মতামত, অভিযোগ, পরামর্শ দেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল চালু করা হবে; যেখানে পঞ্চগড়ের সচেতন নাগরিকেরা এবং প্রশিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবক প্রতিবেদন ও ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য দিতে পারবেন। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও পৌরসভার নাগরিকেরা উপস্থিত ছিলেন। —শহীদুল ইসলাম, পঞ্চগড়