পঞ্চগড়ে বিশ্ব টেলিযোগাযোগ ও প্রযুক্তি দিবস পালিত
বিশ্ব টেলিযোগাযোগ ও প্রযুক্তি দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন গতকাল পঞ্চগড়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নত গ্রামীণ সমাজ গঠনে তথ্য ও প্রযুক্তির সর্বজনীন ব্যবহার নিশ্চিত করুন।’সকালে শহীদ মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা মির্জা আবুল কালাম, জীবধন বর্মণ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা মির্জা আবদুল লতিফ বক্তব্য দেন।আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হলে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। বক্তারা আরও বলেন, সর্ব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি চালু হলে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত হবে। —শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি