পঞ্চগড়ে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে পঞ্চগড় জেলা থেকে সুন্দরবনকে ভোটদান গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পঞ্চগড় জেলা থেকে সুন্দরবনের পক্ষে ৫০ হাজার ভোট সংগ্রহ করা হবে। প্রথম দিনেই দুই হাজার মানুষ সুন্দরবনকে ভোট দেন। আগামী বছরের ১০ নভেম্বরের মধ্যে কমপক্ষে দুই লাখ ভোট সংগ্রহের ঘোষণা দেওয়া হয়। পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার এই ভোটদান কার্যক্রমের উদ্বোধন করেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক বনমালী ভৌমিক এতে সভাপতিত্ব করেন।এ সময় দেবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবদুল মালেক, তেতুলিয়ার উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক, হাটোয়ারীর উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ও পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ইন্টারনেটে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের জন্য পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বর ও এর সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ৫০টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শতাধিক ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে বিনা মূল্যে ই-মেইল ঠিকানা খোলা এবং সুন্দরবনকে ভোটদানের ব্যবস্থা করছে। প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে একটি স্টলে দুটি ল্যাপটপ থেকে সুন্দরবনকে ভোটদানের ব্যবস্থা নেওয়া হয়। বন্ধুসভার সদস্যরা সারা দিন বিনা মূল্যে ই-মেইল ঠিকানা খোলেন এবং সুন্দরবনকে ভোট দেন। —পঞ্চগড় প্রতিনিধি