পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াইফাই ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় এসেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম প্রাণচাঞ্চল্যতা লক্ষ করা গেছে। ওয়াইফাই ইন্টারনেটের কারণে শিক্ষার্থীরা সহজেই ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করতে পারছেন। হলের রুমে বসে ডাউনলোড করে নিচ্ছেন প্রয়োজনীয় বইপত্র, সফটওয়্যারের পাশাপাশি ফেসবুকে দেখে নিচ্ছেন প্রিয় বন্ধুদের। বিশ্ববিদ্যালয়ের হলে প্রায় ৫০০টি কম্পিউটারে শিক্ষক ও শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের এ সুবিধা পাচ্ছেন।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতেই চোখে পড়ে ক্লাস ছুটির পরে কিংবা পড়ন্ত বিকেলে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বসে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করছেন। এ সময় কথা হয় কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহরা, কৃষি অনুষদের মনিরুল ইসলামের সঙ্গে। তাঁরা জানান, আগে হলে বসে ইন্টারনেট ব্যবহার করতে তাঁদের অনেক বিড়ম্বনায় পড়তে হতো, ক্যাম্পাসের বাইরে গিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হতো। কিন্তু এখন সব হলে বিনা মূল্যে ইন্টারনেট ব্রাউজিংসহ প্রিন্টিং ও স্ক্যানিংয়ের সুবিধা পাচ্ছেন তাঁরা। ১৪ এপ্রিল এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়াইফাই নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোও এখন উচ্চগতির ওয়াইফাই ইন্টারনেটের আওতায় আনা হয়েছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তির জ্ঞান অত্যন্ত প্রয়োজন। উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে মনে করেন তিনি। —শংকর দাস, পটুয়াখালী