পটুয়াখালী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের ডেটাবেস চালু
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের তথ্যভান্ডার (ডেটাবেস) ও স্বয়ংক্রিয় গ্রন্থাগার ব্যবস্থা চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সফটওয়্যার ব্যবস্থার উদ্বোধন করেন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি।এক বছরের মধ্যে এ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে।এ সময় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) অনুষদের ডিন আলী আজগর ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ক ম মোস্তফা জামান ও সিএসই অনুষদের প্রভাষক ও সফটওয়্যারের তত্ত্বাবধানকারী শামসুজ্জামান। শিক্ষার্থীদের ডেটাবেস সফটওয়্যার সম্পর্কে সিএসই অনুষদের শিক্ষার্থী আশিকুর রহমান মোল্লা, শিক্ষক-কর্মকর্তাদের ডেটাবেস সম্পর্কে সৌরভ দেবনাথ এবং গ্রন্থাগার স্বয়ংক্রিয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শায়খ আহমেদ। —মেহেদী হাসান, পবিপ্রবি প্রতিনিধি