পড়ি উন্নয়ন-অধ্যয়নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শিক্ষার্থীরা পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগে। ছবি: খালেদ ফয়সাল
এই শিক্ষার্থীরা পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগে। ছবি: খালেদ ফয়সাল

‘বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায় পর্যন্ত আমার পড়ার বিষয় ছিল আন্তর্জাতিক সম্পর্ক। সম্মান ডিগ্রি লাভের পরই যোগ দিই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারে। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে আরও কিছু পড়াশোনার তাগিদেই শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স পর্যায়ে পড়াশোনা। বর্তমান বিশ্বে সামাজিক উন্নয়ন আর দারিদ্র্য জনগণের সক্ষমতা উন্নয়নের নানা কৌশলই শেখানো হয় এই বিষয়ে।’ এভাবেই ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী আদিল হাসান জানাচ্ছিলেন তাঁর কথা। খুব সাধারণ কথায়, ডেভেলপমেন্ট স্টাডিজ হলো উন্নয়নসংশ্লিষ্ট নানা বিষয়ের পাঠ বা অধ্যয়নের একটি ভিন্ন মাত্রার বিষয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় এ বিষয়টি পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান নিয়াজ আহমেদ খান জানান, বিশ শতকের শেষ সময়টা সারা বিশ্বের মানুষের উন্নয়নের জন্য বড় বড় সরকারি-বেসরকারি উদ্যোগ সৃষ্টি হয়। দারিদ্র্যকে পরাস্ত করা মানেই উন্নয়ন নয়, এর ক্ষেত্র এখন বিস্তৃত হয়েছে। মানুষের সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সার্বিক উন্নয়ন সাধিত হয়। ব্যবহারিক পর্যায়ে উন্নয়নের সংজ্ঞা, সীমাবদ্ধতা, কাজের পরিধি খুঁজে বের করা, বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার ব্যবহারিক সমাধান নিয়ে পড়াশোনার বিষয় উন্নয়ন অধ্যয়ন।

কোথায় পড়বেন

সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়টি পড়ানো হয়। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে উন্নয়ন অধ্যয়ন পড়ার সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি অনার্স, দুই বছর মেয়াদি মাস্টার্স পর্যায়ে পড়াশোনার পাশাপাশি এমফিল, পিএইচডি, গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও বিভিন্ন সার্টিফিকেট কোর্স করারও সুযোগ আছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়। তিন বা চার বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে চাইলে উচ্চমাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অনুসারে ‘খ’ এবং ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হয়। মাস্টার্স কোর্সে ভর্তি হতে চাইলে চার বছরের স্নাতক ডিগ্রিধারী হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ভর্তি হতে হয়। এ ক্ষেত্রে প্রার্থীর তিন অথবা চার বছরের সম্মান ডিগ্রি থাকতে হবে। যেসব শিক্ষার্থী চার বছরের ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। মাস্টার্স পর্যায়ে আবেদনকারীকে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নিতে হয়। গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এক বছর মেয়াদি গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি হতে পারেন। যোগাযোগ: উন্নয়ন অধ্যয়ন বিভাগ, কলাভবন (পঞ্চম তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯২০, এক্স-৬৭৯১, ০১৭২০৪৬১৯১০। ওয়েবসাইট: www.devstud-udhaka.ac.bd

বেসরকারি বিশ্ববিদ্যালয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।