পণ্যে নয়, এবারে অ্যাপলের চমক অন্যত্র
নতুন চমক হিসেবে আইফোন বা আইপ্যাড নয়, এবারে অ্যাপলের চমক হয়ে আসতে পারে কোনো নতুন সফটওয়্যার।বিজনেস ইনসাইডারে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের জুন মাসে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) নতুন সফটওয়্যার আনার ঘোষণা দিতে পারে বিশ্বের অন্যতম প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠানটি।ডব্লিউডব্লিউডিসি সম্মেলনটি চলবে ১০ থেকে ১৪ জুন পর্যন্ত। আইপ্যাড ও আইফোনের জন্য সফটওয়্যার নির্মাতা হাজারো ডেভেলপার এ সম্মেলনে আসতে পারেন বলেই আশা করছে অ্যাপল। এ সম্মেলনে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের কাছ থেকে পণ্যের বদলে নতুন সফটওয়্যারের ঘোষণা আসতে পারে বলেই ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁরা জানিয়েছেন, এ অনুষ্ঠানেই মোবাইল সফটওয়্যার ও উন্নত আইক্লাউড সেবার ঘোষণা দিতে পারে অ্যাপল।গবেষকেরা হিসাব করে দেখেছেন, অ্যাপলের সর্বশেষ পণ্য বাজারে আনার সময় ২৩০ দিনেরও বেশি পেরিয়ে গেছে। নতুন পণ্যের ঘোষণা দিতে এর আগে কখনোই এত দীর্ঘ সময় পার করেনি অ্যাপল। আর এ সময়ের মধ্যে অ্যাপলের শেয়ারেরও ব্যাপক দরপতন ঘটেছে। তাই ঘুরে দাঁড়াতে হলে অ্যাপলকে এখন নতুন পণ্য বাজারে আনতে হবে।অবশ্য অ্যাপল কর্তৃপক্ষ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ না করলেও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন সংস্করণের আইপ্যাড, সাশ্রয়ী দামের নতুন আইফোন, আইটিভি, আইওয়াচ, আইম্যাক, ম্যাকবুক, আইপডের নতুন সংস্করণ আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে বাজারবিশ্লেষকেরা ধারণা করছেন, পণ্যের চেয়ে নতুন সফটওয়্যারই হতে অ্যাপলের চমক।