পথে বাইক বন্ধ হলে

মোটরবাইকছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল মিনহাজুলের মোটরবাইক। আশপাশে মেরামতের দোকান না থাকায় নিজেই বারবার বাইক চালুর চেষ্টা করলেন। মোটরবাইকের কারিগরি দিক সম্পর্কে ধারণা না থাকায় অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ের আশা ছেড়ে বাইক ঠেলতে হলো তাঁকে। সাধারণত শীতকালে এ সমস্যা বেশি হয়। তাই মোটরবাইক চালানোর পাশাপাশি মেরামতের বেশ কিছু কৌশল জানা থাকা ভালো। সাধারণ কিছু পদ্ধতি অবলম্বন করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

চাবি দিয়ে ইগনিশন সুইচ চালু

হাস্যকর শোনালেও তাড়াহুড়ার মধ্যে অনেকেই মোটরবাইকে চাবি ঢুকিয়ে ইগনিশন সুইচ (ইঞ্জিন চালুর সুইচ) চালু করতে ভুলে যান। মনে রাখতে হবে, বর্তমানে রাস্তায় চলা বেশির ভাগ মোটরবাইকেই চাবি ঢোকানোর পর ইগনিশন সুইচ চাপতে হয়। রাস্তায় হঠাৎ মোটরবাইক বন্ধ হয়ে গেলে সবার আগে এ কাজটি করতে হবে।

জ্বালানি আছে তো

মোটরবাইক চালু না হওয়ার খুবই সাধারণ কারণ হলো জ্বালানি না থাকা। তাই সমস্যা নির্ণয়ের শুরুতেই তেলের ট্যাঙ্ক পরীক্ষা করতে হবে। ইএফআই (ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন) বা এফআই (ফুয়েল ইনজেকশন) প্রযুক্তির মোটরবাইকে সাধারণত রিজার্ভ ট্যাংক (জরুরি অবস্থায় চালানোর জন্য জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা) থাকে না। ফলে অন্যান্য মোটরবাইকের মতো তেলের লাইনে সাধারণ ও রিজার্ভ সুইচ দেখা যায় না। তাই চালকদের বিষয়টি মাথায় রেখে নিয়মিত জ্বালানি সংকেতের প্রতি লক্ষ্য রাখতে হবে।

স্পার্ক প্লাগ কাজ করছে তো

কিক স্টার্ট বা সেলফ মোটরের বিদ্যুৎ স্ফুলিঙ্গ ইঞ্জিন চালু করে। তাই স্পার্ক প্লাগে ঠিকমতো বিদ্যুৎ যাচ্ছে কি না, তা জানতে হবে। ভাঙা রাস্তায় চলার সময় স্পার্ক প্লাগ ঢিলা হয়ে যেতে পারে। এ সমস্যা হলে স্পার্ক প্লাগ খুলে পরিষ্কার করে আবার সংযোগ দিতে হবে। কার্বন জমে গেলেও ঠিকমতো কাজ করেনা স্পার্ক প্লাগ। সমস্যা সমাধানে শিরিশ কাগজ দিয়ে স্পার্ক প্লাগটি হালকা ঘষে পরিষ্কার করতে হবে।

স্টার্টার ফিউজে নজর দিতে হবে

কিক স্টার্টারে যদি মোটরবাইক চালু না হয়, তবে স্টার্টার ফিউজ পরীক্ষা করতে হবে। সমস্যা হলে বদলে নেওয়াই ভালো। অতিরিক্ত ফিউজ সঙ্গে থাকলে এ সমস্যা থেকে সহজেই মুক্তি মেলে। ব্যাটারি সচল করার জন্য সেলফ স্টার্টার ব্যবহারকারীদের অবশ্যই মোটরবাইক চাবি ঢোকানোর পর ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে।

কিক স্টার্টারেও যদি কাজ না করে

শীতের সময় ভালো ব্যাটারিও অনেক সময় ঠিকমতো কাজ করে না। তাই ব্যাটারি সচল করতে বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে। ক্লাস চেপে থাকা অবস্থায় তিন বা চার নম্বর গিয়ারে রেখে মোটরবাইক ধাক্বা দেওয়ার ব্যবস্থা করতে হবে। মোটামুটি গতি পেলে হঠাৎ ক্লাস ছেড়ে দিলেই ইঞ্জিন শক্তি পাবে। এ সময় আবার ক্লাস ধরে থ্রটল ঘোরাতে হবে। যদি আশপাশে সাহায্য করার মতো কেউ না থাকে, তাহলে মোটরবাইককে ডবল স্ট্যান্ড বা সেন্ট্রাল স্ট্যান্ডে রাখতে হবে। ৩ বা ৪ নম্বর গিয়ারে রেখে পেছনের চাকা সজোরে ঘোরালেও ইঞ্জিন চালু হবে। কম্প্রেশন রেশিও বেশি থাকায় প্রথম গিয়ারে চালুর চেষ্টা না করাই ভালো।

জেনে রাখা ভালো

জ্বালানি তেল, স্পার্ক প্লাগ, স্টার্টার মোটর, ব্যাটারি, স্টার্টার রিলে ও ফিউজের সাহায্যে মূলত চালু হয় মোটরবাইক। এর কোনো একটি ঠিকমতো কাজ না করলে সাধারণত মোটরবাইক বন্ধ হয়ে যায় বা স্টার্ট নিতে দেরি হয়। জ্বালানির মান খারাপ হলেও ইঞ্জিন চালু করতে সমস্যায় পড়তে হয়। বৃষ্টির পানি জ্বালানির সঙ্গে মিশে হঠাৎ থেমে যাওয়া বা মোটরবাইকের থ্রটল রেসপন্স কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। নিরাপদে স্বচ্ছন্দে ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় পরপর মোটরবাইকের ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্র পরীক্ষা করাতে হবে। এতে মোটরবাইকের বিভিন্ন সমস্যা আগে থেকেই সমাধানের সুযোগ থাকায় অর্থও সাশ্রয় করা যায়।