পদত্যাগ করলেন ইয়াহুর চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াহু ইনকরপোরেশনের চেয়ারম্যান রয় বসটক তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ২০০৮ সাল থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রয় বসটক ছাড়াও আরও তিনজন পরিচালক তাঁদের দায়িত্ব থেকে সরে যাবেন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এক খবরে রয় বসটক এবং তিন পরিচালকের সরে দাঁড়ানোর খবর জানিয়েছে। রয় বসটক পদত্যাগের ঘোষণা দিয়ে ইয়াহুর শেয়ারহোল্ডারদের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, ইয়াহুর সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনেই তাঁর এ পদত্যাগ। ইয়াহুর ভবিষ্যত্ সাফল্যের জন্য তিনি আর চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করবেন না এমন কথাও জানিয়েছেন রয়।রয় বসটকসহ চার পরিচালকের পদত্যাগের পরিপ্রেক্ষিতে ইয়াহু বোর্ড নতুন দুজন পরিচালককে নির্বাচিত করেছে। তাঁরা হলেন রভি করপোরেশনের সাবেক সিইও আলফ্রেড আমোরোসো এবং ইবের সাবেক চিফ অপারেটিং অফিসার মেনার্ড ওয়েব।গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ার কারণে শেয়ারহোল্ডারদের কাছে সমালোচনার মুখে পড়েছিল ইয়াহু। সেপ্টেম্বর মাসে ইয়াহু সিইও ক্যারোল বার্জকে অপসারণ করেছিলেন ৭১ বছর বয়সী রয় বসটক। চলতি বছরের জানুয়ারিতে ইয়াহু’র সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন স্কট থম্পসন। সিইও পদে থম্পসনের যোগদানের পরই ইয়াহু ছেড়েছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেরি ইয়াং। আর এবার পদত্যাগ করলেন ইয়াহুর চেয়ারম্যান রয় বসটক।