পদত্যাগ করলেন জাহাঙ্গীরনগরের উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে মো. আনোয়ার হোসেন পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি বাহকের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠিয়েছেন।

জানতে চাইলে মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একটি অংশ প্রায় নয় মাস ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পদত্যাগের দাবিতে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য, রেজিস্ট্রার এবং দুই দফায় উপাচার্যকে অবরুদ্ধ করেন। এ ছাড়া উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, ক্লাস বর্জন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধ, সিনেট-সিন্ডিকেটসহ অন্যান্য প্রশাসনিক সভা প্রতিরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা।

শিক্ষকদের আন্দোলনের মুখে আনোয়ার হোসেন গত ২৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে জাকসু এবং উপাচার্য প্যানেল নির্বাচন দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন বলে ঘোষণা দেন।

২০১২ সালের ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন আনোয়ার হোসেন।