পদত্যাগ করলেন মজিলার প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যান্ডন ইচ
ব্র্যান্ডন ইচ

পদত্যাগ করলেন জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স নির্মাতা প্রতিষ্ঠান মজিলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্র্যান্ডন ইচ। গত ২৪ মার্চ প্রোগ্রামিং ভাষা ‘জাভাস্ক্রিপ্টে’র জনক ব্র্যান্ডন ইচকে সিইওর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার মাত্র ১১ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।
ইচের পদত্যাগের বিষয়টি সম্প্রতি মজিলা ব্লগে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন মজিলার চেয়ারউইম্যান মিচেল বেকার।

অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ব্র্যান্ডন ২০০৫ সাল থেকে মজিলার প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পদত্যাগের কারণ হিসেবে জানা যায়, ব্রেন্ডন ২০০৮ সালে সমকামী (গে) বিয়ের বিরুদ্ধে থাকা ‘প্রপোজিশন ৮’ নামের একটি কার্যক্রমে এক হাজার ডলার দান করেন। তাকে সিইওর ঘোষণা করার পর সমকামী সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়। সমকামীদের ব্লগ সাইট ওকেকুপিড এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের সব সদস্যকে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার বন্ধের আহ্বান জানায়। পরবর্তী সময় গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের কথা জানান ইচ। পাশাপাশি পরিচালনা পর্ষদ থেকেও পদত্যাগের কথা জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মিচেল বেকার মজিলার ব্লগ পোস্টে জানান, ‘মজিলা সব সময়ই মুক্তি ও স্বাধীনতায় বিশ্বাসী। আমরা আরও ভালোভাবে গ্রাহকদের সেবা দিতেই কাজ করে যেতে চাই। এ ক্ষেত্রে আমরা চাই না কোনো ধরনের বিতর্ক তৈরি হোক। সাম্প্রতিক সময়ে ব্র্যান্ডন ইচের বিষয়টি নিয়ে যা হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আর এ জন্যই কমিউনিটির স্বার্থে পদত্যাগ করেছেন ব্র্যান্ডন ইচ।’


পদত্যাগের বিষয়ে নিজের ব্লগে ব্র্যান্ডন ইচ বলেন, ‘আমি আমার পরিবারকে আরও সময় দিতে মজিলার সিইও পদ এবং পর্ষদ থেকে পদত্যাগ করছি। আমি খুবই গর্বিত যে আমি ফায়ারফক্সের জন্য কিছু কাজ করতে পেরেছি। আমি মজিলা স্বেচ্ছাসেবকদের (মজিলিয়ান) আহ্বান জানাই, মজিলাতে নিয়মিত অবদান রাখার বিষয়টি চালিয়ে যেতে। ফায়ারফক্স ওএস ভালো হচ্ছে। আরও ভালো হবে। এত দিন ধরে যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি অনলাইনে এখন থেকে খুব কম থাকলেও থাকব সব সময়ই।’

মজিলার প্রায় সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে ১৯৯৮ সাল থেকেই জড়িত আছেন ব্র্যান্ডন ইচ। ওয়েবের পাশাপাশি কারিগরি ও পণ্য, দুদিকেই অভিজ্ঞ ব্র্যান্ডন ওয়েব প্রযুক্তিতে ব্যবহূত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ‘জাভাস্ক্রিপ্ট’ তাঁর হাতেই তৈরি। মোবাইলের জন্য তৈরি ফায়ারফক্স ওএস ও ক্লাউড সেবার বিস্তৃতির ক্ষেত্রে ব্র্যান্ডনের রয়েছে শক্ত ভূমিকা। মজিলার উন্নয়নে মিচেল বেকারের সঙ্গে দীর্ঘ ১৫ বছর ধরে কাজ করে যাওয়া ব্র্যান্ডনকে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে নির্বাচিত করায় মজিলা ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্যরাও বেশ সমর্থন দিয়েছিলেন। ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স, মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস ইত্যাদি মজিলা ফাউন্ডেশনের জনপ্রিয় সফটওয়্যার। ইতিমধ্যে ফায়ারফক্স ওএস-চালিত ফোন বিশ্বের ১৫টি দেশে পাওয়া যাচ্ছে।