পনুঃ তফসিলে বিসিএস নির্বাচন ২৯ মার্চ
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএসে) পরবর্তী মেয়াদের জন্য কার্যনির্বাহী ও শাখা কমিটির নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা পর্ষদ। নতুন তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ কার্যনির্বাহী কমিটি এবং আটটি শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার এ তফসিল ঘোষণা করা হয়।
বিসিএসের দুই বছর মেয়াদি নির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল গত বছরের ১৪ ডিসেম্বর। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ওই নির্বাচন স্থগিত করা হয়। এখন নতুন তফসিল ঘোষণার মাধ্যমে আগের নির্বাচনী প্রক্রিয়া বাতিল হয়ে গেল। এখন নতুন করে নির্বাচনে প্রার্থী হতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি প্রাথমিক এবং ১৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৪ ডিসেম্বরের নির্বাচনে বিসিএসের কেন্দ্রীয় কমিটির সাতটি পদের জন্য ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বিসিএসের নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য কামরুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে জানান, বিসিএসের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্র মতে নির্বাচন অনুষ্ঠানের ৬০ দিন আগে যাঁরা চাঁদা হালনাগাদ করবেন সেসব সদস্য ভোটার হতে পারবেন। আর যিনি ভোটার হবেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও পাবেন। তাই নির্বাচনী প্রক্রিয়া আবার নতুন করে শুরু হচ্ছে। —নিজস্ব প্রতিবেদক