পরবর্তী আইফোনের ছবি গুজব না সত্যি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন–৬ দেখতে এমন হবে, বলছেন সনি ডিকসন
আইফোন–৬ দেখতে এমন হবে, বলছেন সনি ডিকসন

আগামী মাসে আইফোন ৬ বাজারে আনতে যাচ্ছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটড। কেমন হবে আইফোন ৬ তা নিয়ে আছে নানা মত। সম্প্রতি অস্ট্রেলিয়ার অধিবাসী সনি ডিকসন নতুন আইফোনের পেছনের অংশ কেমন হতে পারে তার দুটি ছবি প্রকাশ করেছেন টুইটারে, যেখানে ধাতববস্তুতে তৈরি পেছনের অংশে গভীর দাগের উপস্থিতি দেখা গেছে।
সনি ডিকসনের প্রকাশিত ছবিকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? প্রায় প্রতিবছর নতুন আইফোন প্রকাশ করে চলেছে অ্যাপল। মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকায় প্রতিটা নতুন আইফোন প্রকাশের আগে জন্ম দেয় নানা জল্পনা-কল্পনার, বাজারে ছড়িয়েছে নানা গুজব। কেউ তথ্য জানান তো কেউ প্রকাশ করেন ছবি। মজার ব্যাপার হচ্ছে, এসব তথ্য বা ছবির কিছু কিছু কিন্তু হুবহু মিলেও যায়। রাতারাতি বিখ্যাত বনে যাচ্ছে তারা। সনি ডিকসন এমনই একজন। গত বছর তাঁর প্রকাশিত আইফোন ৫এস ও নতুন আইপ্যাড হুবহু মিলে যাওয়ায় আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। আর তাই তাঁর প্রকাশিত ছবি গুরুত্বের সঙ্গেই দেখছেন অনেকে।

শোনা যাচ্ছে, ৪ দশমিক ৭ ও ৫ দশমিক ৫ ইঞ্চি পর্দার আইফোনের দুটি নতুন সংস্করণ বাজারে আনবে অ্যাপল। আগামী মাসে অপেক্ষাকৃত ছোট পর্দার আইফোন এবং চলতি বছরের শেষের দিকে বেশি সুবিধার বড় পর্দার আইফোনও ছাড়া হবে। তবে আইফোন ৬ কেমন হবে তা নিয়ে অ্যাপল মুখ খোলেনি। নির্দিষ্ট তারিখের আগে মুখ খোলার রেওয়াজও নেই প্রতিষ্ঠানটির। এমনকি এই যে এত গুজব, সে সম্পর্কেও সবসময় নীরব অ্যাপল।
—সিনেট অবলম্বনে মেহেদী হাসান