পরবর্তী পর্বে যাচ্ছে ৩৫ দল
বিচারকদের রায়ে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর পরবর্তী পর্বে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছে ৩৫টি দল। গতকাল শনিবার প্রতিযোগিতার ওয়েবসাইটে (www.eatlapps.com) এই ফলাফল প্রকাশ করা হয়। জমা পড়া ৮০৫টি ধারণাপত্রের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ১২৫টি ধারণাপত্রের উপস্থাপনা শেষে ৩৫টি অ্যাপস নির্বাচিত হলো।
১৩টি বিষয়ের ওপর ৩৫টি ধারণাপত্রকে নির্বাচন করা হয়েছে। সেগুলো হলো কৃষি (তিনটি), বই (একটি), ব্যবসা (দুটি), শিক্ষা (চারটি), বিনোদন (দুটি), ফেসবুক গেম (দুটি), অর্থনীতি (একটি), খাদ্য ও পানীয় (একটি), খেলা (১০টি), স্বাস্থ্য (তিনটি), লাইফ স্টাইল (দুটি), অন্যান্য (দুটি) ও উপযোগিতা (দুটি)। এথিক্স অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, উন্নয়নমূলক ও বাণিজ্যিকভাবে সফল হবে এমন ধরনের ধারণাপত্রগুলোকেই নির্বাচন করা হয়েছে। পরবর্তী সময়ে আরও তিনটি ধাপে ধারণাপত্রের উপস্থাপনা ও মান উন্নয়ন শেষে নির্বাচন করা হবে বিজয়ী তিন অ্যাপ। —মো. রাফাত জামিল