পরমশূন্য তাপমাত্রার কাছাকাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামার একটি পাত্রকে সর্বনিম্ন তাপমাত্রায় নিয়ে গেছেন গবেষকেরা
তামার একটি পাত্রকে সর্বনিম্ন তাপমাত্রায় নিয়ে গেছেন গবেষকেরা

ইতালির গবেষকেরা পৃথিবীতে এযাবৎকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা অর্জন করার রেকর্ড গড়েছেন। এক ঘনমিটার আকৃতির তামার একটি পাত্রকে তাঁরা মাইনাস ২৭৩ দশমিক ১৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নিতে পেরেছেন। এটা প্রায় পরমশূন্য তাপমাত্রার কাছাকাছি। মাইনাস ২৭৩ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলা হয়। তাত্ত্বিক পদার্থবিদ্যা অনুসারে পরমশূন্য তাপমাত্রার নিচে তাপমাত্রা আর নামতে পারে না।
এর আগে এক ঘনমিটার আকৃতির কোনো বস্তুকে সর্বনিম্ন তাপমাত্রায় গেলে কী অবস্থা হতে পারে তা নিয়ে গবেষণা করা হয়নি। প্রকৃতিতে এ ধরনের ঘটনাও ঘটার সম্ভাবনা দেখেন না গবেষকেরা। এর ফলে ক্রায়োজেনিক আন্ডারগ্রাউন্ড অবজারভেটরি ফর রেয়ার ইভেন্টস (কিয়োরি) এর ঘনকটিকেই এখন পর্যন্ত সবচেয়ে শীতল ঘনক বলে ধরা হচ্ছে। 
রোম থেকে ১২০ কিলোমিটার দূরে গ্র্যান স্যাসোতে অবস্থিত ন্যাশনাল ল্যাবরেটরির নিউক্লিয়ার ফিজিক্স ইনস্টিটিউট এই গবেষণা করেছে। কিয়োরির গবেষণায় জড়িত ছিলেন ১৩০ জন আন্তর্জাতিক বিজ্ঞানী। নিউট্রিনোর বৈশিষ্ট্য খুঁজে বের করতে তাঁরা এ গবেষণা চালান। নিউট্রিনো হচ্ছে ক্ষুদ্র নিরপেক্ষ কণা।