পরশু থেকে ঢাকায় ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু থেকে ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। ‘লিট আপ দি টেকনোলজিক্যাল লাইট’ স্লোগানে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ মেলায় থাকছে নানা ধরনের ল্যাপটপের সম্ভার। জুম ল্যাপটপ মেলা ২০১০ নামের এ মেলার আয়োজন উপলক্ষে গতকাল রোববার ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে মেলা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিসেলের পণ্য ব্যবস্থাপক শরীফ আবদুল্লাহ ফয়সাল, গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের পণ্য ব্যবস্থাপক আবু তায়েব সানাউল্লাহ, খান জাহান আলী কম্পিউটারের পণ্য ব্যবস্থাপক কে এম হোসেনসহ অনেকে। সম্মেলনে মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের আয়োজন সমন্বয়ক সুলতান মাহমুদ জানান, এবারের মেলায় বিশ্বখ্যাত ১২টি ব্র্যান্ডের ল্যাপটপ প্রদর্শিত হবে। এতে ১৫টি প্যাভিলিয়ন ও পাঁচটি স্টলের মাধ্যমে পণ্য প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো। মেলা উপলক্ষে বিভিন্ন ল্যাপটপের ওপর মূল্যছাড় দেওয়া হবে। মেলায় প্রতিদিন থাকছে বিনোদনমূলক পাপেট শো, টেক ফ্যাশন শো ও কুইজ প্রতিযোগিতার আয়োজন। উদ্বোধনী দিনে দুপুর ১২টা থেকে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলার মূল পৃষ্ঠপোষক সিটিসেলের প্যাভিলিয়নে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে। মেলার সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, এইচপি ও লেনোভো; রেডিও সহযোগী রেডিও এবিসি, অনলাইন সহযোগী বিডি জবস ডট কম। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। এবারের মেলার টিকিট বিক্রি থেকে প্রাপ্ত টাকার ১০ শতাংশ শীতার্তদের এবং ১৫ শতাংশদুস্থদের শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। —নুরুন্নবী হাছিব