পরশু থেকে ঢাকায় ল্যাপটপ মেলা
আগামী পরশু বুধবার থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। ‘ঢাকা ল্যাপটপ মেলা-২০১০’ শিরোনামের তিন দিনব্যাপী মেলায় থাকছে নানা আয়োজন। গতকাল রোববার ঢাকায় এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়। সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন মেলার সমন্বয়ক সুলতান মাহমুদ। সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, এইচপি পিএসজির চ্যানেল বিপণন ব্যবস্থাপক প্রতাপ সাহা, স্যামসাং আইটির-বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ আল ফুয়াদ এবং এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের চ্যানেল-পণ্য ব্যবস্থাপক পলাশ পাল। সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় মোট ১৪টি প্যাভিলিয়ন এবং ১০টি স্টল থাকবে। মেলায় কম্প্যাক, অ্যাপল, ফুজিত্সু, ডেল, এইচপি, গিগাবাইট, আসুস, লেনভো, তোশিবা, এসার, গেটওয়ে, স্যামসাং, এমএসআই, বেনকিউসহ সর্বোচ্চসংখ্যক ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে। এ ছাড়া প্রতিদিনই থাকবে নানান আয়োজন। আয়োজকেরা জানান, মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা ধার্য করা হয়েছে। তবে টিকিট বিক্রির অর্ধেক অর্থ দুস্থদের শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এসার, লেনভো, স্যামসাং এবং তোশিবা। প্রমোশনাল পার্টনার হিসেবে থাকছে এইচপি। মেলার অনলাইন নিউজ পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, ওয়েব পার্টনার বিডি জবস ডটকম এবং রেডিও পার্টনার রেডিও এবিসি। —নিজস্ব প্রতিবেদক