পরিচ্ছন্নতা থেকে সততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচ্ছন্ন পরিবেশে কাজ করলে বিরক্তি বোধ করার সম্ভাবনা কমে যায়। সাধারণত বিরক্ত হলেই মানুষ আত্মকেন্দ্রিক আচরণ করে। কিন্তু উল্টোটা হলে মানুষ অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কার্পণ্য করে না
পরিচ্ছন্ন পরিবেশে কাজ করলে বিরক্তি বোধ করার সম্ভাবনা কমে যায়। সাধারণত বিরক্ত হলেই মানুষ আত্মকেন্দ্রিক আচরণ করে। কিন্তু উল্টোটা হলে মানুষ অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কার্পণ্য করে না

মানসিক অতৃপ্তি বা বিতৃষ্ণার কারণে মিথ্যা বলা বা অন্যের সঙ্গে প্রতারণামূলক আচরণ করার প্রবণতা তৈরি হতে পারে। আবার মানসিক ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতার প্রভাবে সুন্দর আচরণ করার ইচ্ছাও জাগে।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত রাইস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তাঁদের মতে, পরিচ্ছন্নতার প্রভাবে মানুষের মধ্যে নৈতিক আচরণ ফিরে আসতে পারে। যদি কোনো প্রতিষ্ঠানের কর্মীরা পরিচ্ছন্ন ও ছিমছাম কর্মস্থলে কাজ করার সুযোগ পান, তবে তাঁদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বেশি দেখা যায়। আর তাঁদের অন্যের সঙ্গে প্রতারণা করার প্রবণতাও কমে যায়।
ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আবেগের অবচেতন প্রভাব সম্পর্কে ওই গবেষণায় বিস্তারিত আলোচনা করা হয়। রাইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকাশ মিত্তাল বলেন, ছোট ছোট জিনিসপত্র মানুষের মধ্যে সুনির্দিষ্ট কিছু আবেগের তারতম্য ঘটাতে পারে—যেগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। প্রাথমিক পর্যায়ে যদি কারও চারপাশে তুলনামূলক পরিচ্ছন্ন পরিবেশ থাকে, তার বিরক্তি বোধ করার সম্ভাবনা কমে যায়। সাধারণত বিরক্ত হলেই মানুষ আত্মকেন্দ্রিক আচরণ করে। কিন্তু উল্টোটা হলে মানুষ অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কার্পণ্য করে না।
চারপাশের ছোটখাটো বিভিন্ন জিনিস মানুষের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে। ছবিসহ কোনো বার্গারের দোকানের বিজ্ঞাপন এ ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে তুলে ধরা যায়। এ ধরনের বিজ্ঞাপন আপনাকে চলতি পথে থেমে গিয়ে খাওয়ার প্রেরণা জোগাতে পারে। তবে সব জিনিসপত্র মানুষের মনের ওপর এ রকম প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে না।
গবেষণায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের ৬০০ জন নারী-পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়। যাঁরা প্রায় নিয়মিত বিরক্তিকর পরিবেশে থাকেন, তাঁদের আচার-আচরণ পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি যাঁরা পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে থাকেন, তাঁদের আচার-আচরণসম্পর্কিত তথ্য-উপাত্তও সংগ্রহ করে তুলনামূলক বিশ্লেষণ করে দেখেছেন গবেষকেরা। ফলাফলের ওপর ভিত্তি করে মিত্তাল ও তাঁর সহযোগীরা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও সাংগঠনিক নেতাদের পরিচ্ছন্নতার গুরুত্ব উপলব্ধি করার পরামর্শ দিয়েছেন, যাতে করে তাঁরা নৈতিক ও অনৈতিক আচরণের নেপথ্য একটি কারণ সম্পর্কে জেনে নিয়ে নিজেদের প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে পারেন।
মিত্তাল বলেন, বিরক্তি হচ্ছে একধরনের আবেগ। এটি সুরক্ষার মতো কাজ করতে পারে। যখন মানুষ বিরক্ত হয়, তখন বিদ্যমান পরিস্থিতি থেকে পৃথক হতে চায়। এই প্রবণতা মূলত আত্মরক্ষার লক্ষ্যেই তৈরি হয়। ওই সময় মানুষ নিজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং অন্যের ব্যাপারে চিন্তা করে না বললেই চলে। তখনই মিথ্যাচার বা ছোটখাটো প্রতারণার মতো ব্যাপারগুলো ঘটতে শুরু করে।
এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান ডিসিশন প্রসেসেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
সূত্র: ইনডিপেনডেন্ট ও আইএএনএস