পরিচ্ছন্নতাই আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবার আগে চাই স্বাস্থ্য সুরক্ষা, তাই পরিচ্ছন্নতার ব্যাপারে দিতে হবে বিশেষ গুরুত্ব। ছবি: নকশা
সবার আগে চাই স্বাস্থ্য সুরক্ষা, তাই পরিচ্ছন্নতার ব্যাপারে দিতে হবে বিশেষ গুরুত্ব। ছবি: নকশা

দেখতে দেখতে চলে এল ঈদুল আজহা। পশু কোরবানি দেওয়া, রান্নাঘরের নানা আয়োজন তো চলছেই। কিন্তু নিজের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো কি ভেবেছেন? কারও কারও প্রস্তুতি হয়তো আছে। আবার অনেকেরই এ প্রস্তুতি নেই।
কথা বলেছিলাম গ্রিন লাইফ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আ ফ ম হেলাল উদ্দিনের সঙ্গে। তিনি বললেন, পশু কোরবানির সময় খেয়াল রাখতে হবে, পশুর রক্ত যেন শরীরে লেগে না যায়। পশুর রক্তে অনেক রোগজীবাণু থাকতে পারে। তাই একটু সতর্ক থাকতে হবে। আর নিজের শরীরে কোনো ক্ষত কিংবা কাটাছেঁড়া থাকলে মাংস কাটার কাজটা না করাই ভালো। কারণ, ক্ষতস্থানের মাধ্যমে সহজেই পশুর জীবাণু মানুষের শরীরে সংক্রমিত হতে পারে।
এখন যাঁরা পশুর হাটে যাচ্ছেন, তাঁরা অবশ্যই বাড়ি ফিরে হালকা গরম পানিতে গোসল করে নেবেন। হাত-পা ভালোমতো ধুয়ে নেবেন জীবাণুনাশক সাবান দিয়ে।
কোরবানির দিনে কম-বেশি সারা দিনই মাংস ঘাঁটতে হয়। তাই মাংস কাটার সময় কিংবা ভাগ-বাঁটোয়ারায় ব্যবহার করুন গ্লাভস। নিজের স্বাস্থ্য সুরক্ষাও যেমন হবে, তেমনি পরিচ্ছন্নও থাকবে মাংস।
আ ফ ম হেলাল উদ্দিন আরও বললেন, গ্লাভস পরে কাজ করার পরও কিন্তু ভালো করে হাত ধুতে হবে। এ জন্য সাবান ব্যবহার করতে হবে অবশ্যই।
চাইলে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারেন। রক্ত ছিটে মুখে যাওয়ার ভয় থাকবে না। আবার নাক-মুখ থেকে শরীরের ভেতরে জীবাণু প্রবেশের আশঙ্কাও কমে যাবে। কোরবানি শেষে কুসুম গরম পানি গোসলের জন্য ব্যবহার করা ভালো। তা শরীরের ক্লান্তির সঙ্গে জীবাণু দূর করতেও সাহায্য করবে।
মাংস কাটাকাটি শেষে তুলে রাখার দায়িত্ব যাঁদের, তাঁদেরও সতর্ক থাকতে হবে। মাংস ধরার আগে পরে নিতে হবে গ্লাভস আর অ্যাপ্রন। যে বঁটি, দা কিংবা ছুরি রান্নাঘরে মাংস কাটার কাজে ব্যবহার হয়, সেগুলোর কাজ শেষে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। না ধুয়ে রাখলে তেল, চর্বি শুকিয়ে দা, বঁটিগুলো পিচ্ছিল হয়ে যায়। দ্বিতীয়বার ব্যবহারে মাংস কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়।