পরিচয় পাল্টাচ্ছে ডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের তৃতীয় বৃহত্তম কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান ডেল। কিন্তু ডেলের এ পরিচয়টি এবার বদলাচ্ছে। জানিয়েছেন ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক সম্মেলনে ডেল বলেছেন, প্রতিষ্ঠানটির পরিচয় এখন আর কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান নয়; এর পরিচয় এখন পাল্টে গেছে। ডেল এখন তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান।মাইকেল ডেল আরও জানিয়েছেন, সম্প্রতি করপোরেট ব্যবসা বাড়াতে নতুন ধরনের সার্ভার বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আর করপোরেট ব্যবসার দিকে নজর দেওয়ার ফলেই কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠানের তকমা থেকে সরে যাচ্ছে ডেল। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে করপোরেট ব্যবসার বাজার প্রায় তিন ট্রিলিয়ন ডলারের। ব্যক্তিগত কম্পিউটারের বাজার মাত্র ২৫০ বিলিয়ন ডলারের। তাই করপোরেট বাজার ধরতেই ডেল তাদের ব্যবসা এখন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে।২০১১ সালে ডেলের ডেস্কটপ কম্পিউটার বিক্রির পরিমাণ ৪ শতাংশ কমে গেলেও করপোরেট ব্যবসা বেড়েছে ১০ শতাংশ। উল্লেখ্য, বর্তমান বিশ্বের শীর্ষ কম্পিউটার নির্মাতা হিউলেট-প্যাকার্ড বা এইচপির কম্পিউটার ব্যবসা সংকুচিত হয়েছে ১৫ শতাংশ।